নাটোর-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের মাননীয় হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘মেজর জিয়ার ঘোষণার মাধ্যমে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধভাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে।’
বৃহস্পতিবার( ২৬ মার্চ) স্বাধীনতা ও জাতীয় দিবসে উদ্বোধনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নলডাঙ্গা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হুইপ বলেন, ‘বাংলাদেশের মানুষ যখন সিদ্ধান্তহীনতায় ছিল, যখন নিরস্ত্র মানুষের উপর গুলি চালানো হয়, রাজারবাগ পুলিশ লাইনে আক্রমণ করা হল, তখনই কালুর ঘাট বেতার কেন্দ্র থেকে ঘোষণা আসলো, ‘আমি মেজর জিয়া বলছি’, —এই ঘোষণার মাধ্যমে বাংলাদেশের মানুষ নয় মাস সংগ্রাম করে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখণ্ড পেয়েছিল।’
তিনি আরো বলেন, ‘ইতিহাসকে কেউ মাটি চাপা দিয়ে আটকিয়ে রাখতে পারে না। ইতিহাস তো ইতিহাস। অনেকেই জানে না স্বাধীনতার ঘোষক ‘কে’। তার ঘোষণার মাধ্যমে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধভাবে মুক্তি যুদ্ধে অংশগ্রহণ করেছিল। এই সঠিক ইতিহাস মানুষকে জানতে দেয়া হয়নি। কোমল মতি শিশুরা সঠিক ইতিহাস জানে না। কারণ তাদের বইয়ে সঠিক ইতিহাস তুলে ধরা হয়নি।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: আল এমরান খাঁনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মো: আশিকুর রহমান (ভূমি), কৃষি অফিসার মো: সবুজ আলী, নলডাঙ্গা থানার ওসি মো: নুরে আলম, বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো: শফিকুল ইসলাম বুলবুল, উপজেলার সাবেক চেয়ারম্যান মো: সাখাওয়াত হোসেন, নলডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র মো: আব্বাস আলী নান্নু, সাবেক পৌর প্রশাসক এম এ হাফিজসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।



