যশোরের চৌগাছায় ৪০ বস্তা টিএসপি (ট্রিপল সুপার ফসফেট) সরকারি সার উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) বিকেল ৩টার দিকে উপজেলার সিংহঝুলী ইউনিয়নের জাহাঙ্গীরপুর গ্রামের কালীতলা এলাকায় অভিযান চালিয়ে সারগুলো জব্দ করা হয়।
পরে সারগুলো স্থানীয় কৃষকদের মাঝে সরকার নির্ধারিত মূল্যে প্রতি বস্তা এক হাজার ৩৫০ টাকা দরে বিক্রি করা হয়। এ সময় সার বহনকারী গাড়ির চালক ঝিকরগাছা উপজেলার মনোহরপুর গ্রামের আজহারুল ইসলামের ছেলে রবিউল ইসলামকে এক হাজার টাকা জরিমানা করা হয়।
জানা যায়, ঝিকরগাছা উপজেলার কায়েমকোলা বাজারের সাবডিলার মান্নান ট্রেডার্সের মালিক আব্দুল মান্নান সারগুলো চৌগাছার পুড়াপাড়া বাজারের আশাদুল ইসলামের কাছে বিক্রি করেন। ৪০ বস্তা সার সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ২১৯০ টাকা দরে বিক্রি করেন মান্নান।
এদিকে সরকার নির্ধারিত মূল্য প্রতি বস্তা এক হাজার ৩৫০ টাকা হলেও সারগুলো প্রায় দ্বিগুণ দামে বিক্রির উদ্দেশ্যে নেয়া হচ্ছিল। ৪০ বস্তা সারের সরকার মূল্য ৫৪ হাজার টাকা হলেও বিক্রয়ের জন্য প্রস্তুত করা চালানে মূল্য উল্লেখ করা হয়েছে ৮৭ হাজার ৭২০ টাকা।
স্থানীরা জানান, সরকারি টিএসপি সার কালোবাজারে এক ব্যবসায়ীর দোকানে নেয়া হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কালীতলা এলাকায় অভিযান চালিয়ে সারবোঝাই গাড়ি আটক করা হয়। পরে উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জি এম এ মুনীব ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালতে সার ব্যবস্থাপনা আইন ২০২৬-এর ১২ ধারায় গাড়ি চালককে এক হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মুসাব্বির হোসাইন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা গোলাম হোসেন, সাংবাদিক এম এ রহিম ও এম এ মান্নানসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
উপজেলা কৃষি কর্মকর্তা মুসাব্বির হোসাইন বলেন, জব্দকৃত সারগুলো উপসহকারী কৃষি কর্মকর্তা গোলাম হোসেনকে স্থানীয় কৃষকদের মাঝে ন্যায্যমূল্য ১৩৫০ টাকা বস্তা দরে বিক্রির নির্দেশ দেয়া হয়েছে। সার বিক্রির সব টাকা সরকারি কোষাগারে জমা করা হবে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জি এম এ মুনীব জানান, সরকারি সার অবৈধভাবে অধিক মূল্যে বিক্রির উদ্দেশ্যে পরিবহনের অভিযোগে জব্দ করা হয়।



