ঈদকে ঘিরে ব্যতিক্রমী এক উদ্যোগে অসহায় ও দুস্থদের জন্য বসানো হয়েছে দুই টাকার ঈদ বাজার। ঈদুল ফিতরের আনন্দকে ভাগাভাগি করে নিতে ছাত্রদলের উদ্যোগে দুই টাকায় ঈদের নতুন পোশাক নিতে পেরে আনন্দিত অসহায় ও দুস্থ পরিবারগুলো।
বুধবার (১৮ মার্চ) সন্ধ্যা ৭টায় উপজেলার মিঠাছরা বাজারে উপজেলা ছাত্রদলের উদ্যোগে ভ্রাম্যমান ঈদ বাজার বসানো হয়।
দুই টাকার ঈদ বাজারের মধ্যে ছিল— শাড়ি, লুঙ্গি, পাঞ্জাবি, থ্রি-পিস ও ছোটদের পোশাক সামগ্রী। ১৫০ পরিবার এ সুবিধা পেয়েছে।
দুই টাকায় ঈদের নতুন পোশাক নিয়ে আবেগ আপ্লুত হয়ে আলমগীর হোসেন বলেন, ‘আমাদের মতো নিম্ন আয়ের মানুষরা সংসার চালাতে হিমশিম খায়। জিনিসপত্রের বাড়তি দামের কারণে ঈদের সময় নতুন পোশাক কেনার সামর্থ্য নাই। দুই টাকায় মেয়ের জন্য একটি থ্রি-পিস নিয়েছি। খুব ভালো লেগেছে।’
আসিয়া খাতুন বলেন, ‘ঈদকে সামনে রেখে পরিবারের জন্য নতুন কাপড় কেনা নিয়ে খুবই দুঃশ্চিন্তায় ছিলাম। সীমিত আয়ের কারণে তা সম্ভব হচ্ছিল না। এমন সময়ে মাত্র দুই টাকায় প্রয়োজনীয় ঈদ সামগ্রী পেয়ে সত্যিই স্বস্তি পেয়েছি। এই উদ্যোগ আমাদের মতো অসহায় মানুষের জন্য অনেক বড় সহায়তা। যারা করেছে তাদের জন্য মন থেকে দোয়া করি।’
আয়োজক কমিটির অন্যতম উপজেলা ছাত্রদল নেতা নাঈম সরকার বলেন, ‘ঈদুল ফিতরের আনন্দকে ভাগাভাগি করে নিতে মিরসরাইয়ের মাননীয় সংসদ সদস্য নুরুল আমিন মহোদয়ের পক্ষ থেকে সমাজের অসহায় ও নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমরা দুই টাকায় ঈদের বিভিন্ন পোশাক বিক্রি করেছি। ঈদ সবার জন্য আনন্দের হলেও অনেকেই আর্থিক সঙ্কটের কারণে সেই আনন্দ থেকে বঞ্চিত হন। আমরা চেয়েছি, সামান্য প্রচেষ্টার মাধ্যমে হলেও তাদের মুখে হাসি ফোটাতে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।’
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদল নেতা নাঈম সরকার, হিমেল চৌধুরী, পোর্ট সিটি ইউনিভার্সিটি ছাত্রদলের সভাপতি মো: রিয়াদ, তারিফুর ইসলাম, নকিবুর রহমান ও কাটাছড়া ইউনিয়ন ছাত্রদল নেতা ওমর ফারুক, শাকিলসহ স্থানীয় ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীরা।



