বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান এবার ঈদুল আজহা উদযাপন করবেন নিজ সংসদীয় এলাকা (মৌলভীবাজার-২) কুলাউড়ায়। এ উপলক্ষে তিনদিন কুলাউড়া ও বড়লেখা উপজেলায় অবস্থান করবেন তিনি।
শুক্রবার (৬ জুন) মৌলভীবাজার জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ ইয়ামির আলী জানান, কেন্দ্রীয় আমিরের সফরসূচি অনুযায়ী ঈদের দিন (৭ জুন) সকাল ৮টায় তিনি তার নিজ গ্রাম ভাটেরা ইউনিয়নের তুলাপুর পাঁচগাঁও ঈদগাহে ঈদের জামায়াতে অংশ নেবেন।
একইদিন মাগরিবের নামাজের পরে কুলাউড়া পৌরসভা মিলনায়তনে সর্বস্তরের জনসাধারণের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।
জামায়াত আমির ঈদের দ্বিতীয় দিন (৮ জুন) দুপুর ১২টার দিকে কুলাউড়া পৌরসভা মিলনায়তনে পেশাজীবী প্রতিনিধিদের সাথে মতবিনিময় এবং বাদ মাগরিব কর্মধা ইউনিয়নের কাঁঠালতলী বাজারে এক মতবিনিময় সভায় অংশ নেবেন।
ডা: শফিকুর রহমান ঈদের তৃতীয় দিন (৯ জুন) সকাল সাড়ে ১০টার দিকে বড়লেখা বাজারে (ইসলামী ব্যাংকের সামনে) ঈদ পুনর্মিলনী এবং বিকেল সাড়ে ৪টার দিকে জেলা পরিষদ মিলনায়তনে অমুসলিমদের নিয়ে আয়োজিত সমাবেশে অংশ নিবেন।



