মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া বলেছেন, ‘জমির নামজারি (মিউটেশন) করতে কেউ ঘুষ নিলে, তার ঠিকানা হবে জেলখানা, না হয় পানির মধ্যে।’
তিনি বলেন, ‘জমির নামজারি করতে আমার কাছ থেকেও এক সময় ২৫ হাজার টাকা ঘুষ নিয়েছে। এমন পরিস্থিতি যেন আর তৈরি না হয়। তিন দিনের মধ্যে মিউটেশন দিতে হবে। সেই নির্দেশনা ভূমি অফিসের কর্মকর্তাদের দেয়া হয়েছে।’
শুক্রবার (২৭ মার্চ) সকালে মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুরে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
জাহান্দার আলী বলেন, ‘শেখ হাসিনা সরকারের মতো যেন বিএনপির কোনো নেতাকর্মী স্বৈরাচার না হয় সেদিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে। দলের নাম ভাঙ্গিয়ে কেউ যেন চাঁদাবাজি-টেন্ডারবাজি না করতে পারে। পাশাপাশি কিশোর গ্যাং লালন-পালন করা যাবে না। কেউ জমিদখল করার চেষ্টা করলে, মাদারীপুরে তার জায়গা হবে না।’
তিনি বলেন, ‘বিগত দিনে জণগণের কাছ থেকে ভোটভিক্ষা চেয়ে আপনাদের সাথে প্রতারণা করেছে সাবেক এমপি। এর প্রমাণ বিভিন্ন এলাকার সড়ক, রাস্তাঘাট ও খাল উন্নয়ন না হওয়া।’
তিনি আরো বলেন, ‘খাল ও নদীতে পর্যাপ্ত পানি থাকলেও আমরা সবাই গভীর নলকূপ ব্যবহার করি। কোনো এক সময় এই নলকূপের কারণে খালে কিংবা নদীতে পানি থাকবে না। এমন পরিস্থিতি যেন তৈরি না হয়, এজন্য সারাদেশেই বিএনপি সরকার খাল খনন কর্মসূচির উদ্বোধন শুরু করেছে।’
পেয়ারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শওকত ওসমানের সভাপতিত্বে ও নুরুজ্জামান হাওলাদারের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদারীপুর আদালতের জিপি অ্যাডভোকেট গুলজার আহম্মেদ চিশতী, আড়িয়াল খাঁ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সোহেল আহমেদ বাদলসহ অনেকেই।



