রামপালে সড়ক দুর্ঘটনায় খুলনার নববধূসহ নিহত ৪ জনের দাফন সম্পন্ন

আজ শুক্রবার সকাল সাড়ে ৯টায় উপজেলার নাকশা গ্রামের বাড়ির পাশের মাঠে মিতু, লামিয়া ও রাশিদা বেগমের জানাজা অনুষ্ঠিত হয়।

নয়া দিগন্ত অনলাইন

Location :

Khulna
একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন হয়েছে
একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন হয়েছে |বাসস

বাগেরহাটের রামপালে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ১৪ জনের মধ্যে খুলনার কয়রা উপজেলার নববধূসহ একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন হয়েছে।

আজ শুক্রবার সকাল সাড়ে ৯টায় উপজেলার নাকশা গ্রামের বাড়ির পাশের মাঠে মিতু, লামিয়া ও রাশিদা বেগমের জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়। এছাড়া বাদ জুমা দাকোপে মিতুর নানী আনোয়ারা বেগমের জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে।

এর আগে গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে খুলনা-মোংলা মহাসড়কের রামপাল উপজেলার বোলাই ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে কয়রা উপজেলার নাকসা গ্রামের সালাম মোড়লের মেয়ে নববধূ মার্জিয়া মিতু, তার ছোট বোন লামিয়া (১০), তাদের দাদী রাশিদা বেগম (৭৫) ও নানী আনোয়ারা বেগম এবং মিতুর স্বামী সাব্বিরসহ ১৪ জন নিহত হন।

নববধূ মিতু নাকশা আলিম মাদরাসায় আলিম প্রথম বর্ষের ছাত্রী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে নাকশা গ্রামের আব্দুস সালাম মোড়লের মেয়ে মিতুর বিয়ে হয় মোংলার আব্দুর রাজ্জাকের ছেলে সাব্বির হোসেনের সাথে। বৃহস্পতিবার সকালে নববধূ মিতু তার ছোট বোন লামিয়া, বৃদ্ধা দাদী রাশিদা ও নানী আনোয়ারা বেগমকে নিয়ে শ্বশুরবাড়ির উদ্দেশে রওনা হন। পথে বরযাত্রীবাহী মাইক্রোবাসটি রামপাল বেলাই ব্রিজ এলাকায় পৌঁছালে মোংলা থেকে আসা একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসে থাকা নববধূ, বর ও তাদের স্বজনসহ ১৪ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এ দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে নিহতদের গ্রাম নাকশাসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে আসে।

সূত্র : বাসস