গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন এবং গণহত্যার বিচার নিশ্চিত করার দাবিতে গাজীপুরে গণমিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর মহানগর শাখা।
শনিবার (৪ জুলাই) বিকেলে মহানগরের চান্দনা চৌরাস্তা থেকে শুরু হওয়া মিছিলটি ভোগড়া বাইপাস এলাকায় গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন।
সমাবেশে বক্তারা বলেন, গণভোটের মাধ্যমে জনগণ যে রায় দিয়েছে, তা বিলম্ব না করে বাস্তবায়ন করতে হবে। একইসাথে গণহত্যার ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।
বক্তারা আরো বলেন, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং জনগণের প্রত্যাশা পূরণে কার্যকর পদক্ষেপ নেয়া এখন সময়ের দাবি।
সমাবেশে বক্তব্য দেন গাজীপুর মহানগর জামায়াতের আমির অধ্যাপক জামাল উদ্দিন, নায়েবে আমির মো: খায়রুল হাসান, মুহাম্মদ হোসেন আলী, গাজীপুর সিটি করপোরেশনের সম্ভাব্য মেয়র পদপ্রার্থী ড. হাফিজুর রহমান, মহানগর খেলাফত মজলিসের সেক্রেটারি নিজাম উদ্দিন, টঙ্গী পূর্ব থানার আমির নজরুল ইসলাম, মহানগর জামায়াত নেতা নিয়ামত উল্লাহ শাকের, মেট্রো সদর থানার আমির ছাদেকুজ্জামান খান, গাজীপুর মহানগর শিবির সভাপতি ইয়াসিন আরাফাত ও বাসন থানা আমির আকরামুল ইসলামসহ অন্যান্য নেতারা।
বক্তারা আরো বলেন, দেশ ও জনগণের স্বার্থে আইনের শাসন, জবাবদিহিতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার বিকল্প নেই। এ লক্ষ্য অর্জনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানান তারা।



