কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর আন্ধারীঝাড় ইউনিয়নের চরধাউরারকুটি এলাকার দুধকুমার নদ থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলের দিকে লাশটি উদ্ধার করা হয়। স্থানীয়দের ধারণা লাশটি ভারত থেকে ভেসে আসতে পারে।
স্থানীয়দের বরাত দিয়ে সংশ্লিষ্ট এলাকার ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) আব্দুর রাজ্জাক প্রামানিক জানান, শনিবার দুপুরের দিকে স্থানীয়রা নদে গোসল করতে গিয়ে লাশটি দেখতে পান। পরে বিষয়টি থানা পুলিশকে জানানো হলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন বলেন, অর্ধগলিত এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। লাশের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, বেশ কয়েক দিন আগে ওই নারীর মৃত্যু হয়েছে। মৃত নারীর বয়স আনুমানিক ৫৫ বছর। ময়নাতদন্তের জন্য লাশ কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর হবে।



