ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে খাগড়াছড়ি সেক্টরের অধীনে খাগড়াছড়ির চার উপজেলা ও রাঙ্গামাটির এক উপজেলায় ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে। প্রতিটি কেন্দ্রের সর্বাত্মক নিরাপত্তা নিশ্চিত করতে বডি ওর্ন ক্যামেরা, মেটাল ডিটেক্টর, ড্রোন, আধুনিক রায়োট কন্ট্রোল সামগ্রী, নির্বাচন সুরক্ষা অ্যাপসহ অত্যাধুনিক সরঞ্জাম ব্যবহৃত হবে।
সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে খাগড়াছড়ি সেক্টর সদর দফতরে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান সেক্টর কমান্ডার কর্নেল আব্দুল মোত্তাকিম।
আব্দুল মোত্তাকিম বলেন, ‘খাগড়াছড়ি সেক্টরের অধীনে ২৯৮ নম্বর খাগড়াছড়ি সংসদীয় আসনে সদর উপজেলায় পাঁচ প্লাটুন, মহালছড়ি উপজেলায় তিন প্লাটুন, পানছড়ি উপজেলায় ছয় প্লাটুন ও দীঘিনালা উপজেলায় পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে। এছাড়াও সেক্টরের অধীনে ২৯৯ নম্বর রাঙ্গামাটি সংসদীয় আসনের বাঘাইছড়ি উপজেলায় দায়িত্ব পালন করবে ১১ প্লাটুন বিজিবি। নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে খাগড়াছড়ি জেলায় আটটি ও বাঘাইছড়িতে ছয়টি অস্থায়ী বেইজ ক্যাম্প থাকবে।’
বর্তমানে খাগড়াছড়ি সেক্টরের অধীনে পাঁচটি ব্যাটালিয়ন ২৫৪ কিলোমিটার সীমান্ত এলাকায় নিরাপত্তার দায়িত্বে বিজিবি নিয়োজিত রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘নির্বাচনকে কেন্দ্র করে গত ৩০ জানুয়ারি থেকে নির্বাচনী এলাকাগুলোতে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নিরাপত্তার সকল প্রস্তুতিসহ বিজিবি সর্বদা পাশে রয়েছে এই নিশ্চয়তা দিয়ে টহলদলগুলো ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে আসার জন্য উৎসাহ প্রদান করছে।’
তিনি বলেন, ‘ভোটাররা যেন ভয় ও শঙ্কামুক্ত পরিবেশে নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে বিজিবি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয় করে দায়িত্ব পালন করবে। ইতোমধ্যে বিভিন্ন এলাকায় গোয়েন্দা নজরদারির পাশাপাশি টহল কার্যক্রম শুরু করেছে বিজিবি।’
যেকোনো পরিস্থিতি পেশাদারিত্বের সাথে মোকাবেলা করে নির্বাচনের সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবি সদস্যদেরকে ইতোমধ্যে বিভিন্ন পর্যায়ে নির্বাচন সংক্রান্ত বিশেষ প্রশিক্ষণ প্রদান করা হয়েছে জানিয়ে এ কর্মকর্তা বলেন, ‘নির্বাচনী পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য সেক্টর সদর দফতরে ও ব্যাটালিয়নসমূহে বিশেষ মনিটরিং সেল গঠন করা হয়েছে। নির্বাচনের দিন বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে টহল পরিচালনা, গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট স্থাপনের পাশাপাশি যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি ও গ্রেফতার কার্যক্রম পরিচালনা করবে যাতে কোনো মহল নাশকতা বা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে।’
দেশের জনগণের আস্থা ও বিশ্বাসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিজিবি সংবিধান ও আইনের প্রতি শ্রদ্ধা রেখে অর্পিত দায়িত্ব বলিষ্ঠভাবে পালন করে যাবে। নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার জন্য বিজিবি তার সর্বশক্তি প্রয়োগ করবে বলেও জানান সেক্টর কমান্ডার।



