দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে এইচএসসি ও সমমানের পরীক্ষা গ্রহণ এবং শিক্ষামন্ত্রীর কথিত কটূক্তির প্রতিবাদে ঝালকাঠিতেও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।
মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে শহরের ফায়ার সার্ভিস মোড়ে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে তারা। এ সময় শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেয়। এতে সড়কের উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারির সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রীরা ভোগান্তিতে পড়েন।
বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলে, দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে এইচএসসি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা উচিত ছিল। একই সঙ্গে তারা শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনের পদত্যাগের দাবি জানায়।
খবর পেয়ে ঝালকাঠি সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে তারা সড়ক ছেড়ে দিলে যান চলাচল শুরু হয়।
ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান বলেন, ‘শিক্ষার্থীরা কিছু সময় সড়ক অবরোধ করেছিল। আমরা তাদের সঙ্গে কথা বলেছি। পরে তারা সড়ক ছেড়ে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং যান চলাচল শুরু হয়েছে।’



