সুনামগঞ্জের দোয়ারাবাজার থানা পুলিশের অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তোফাজ্জল হোসেন নামে এক মাদককারবারিকে আটক করা হয়েছে।
শুক্রবার রাত সাড়ে ৯টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন দোয়ারাবাজার থানার ওসি তরিকুল ইসলাম তালুকদার।
আটক তোফাজ্জল হোসেন (২৫) উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের নজর আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, দোয়ারাবাজার থানার এসআই আব্দুল্লাহ আল রিফাত ও এসআই সঞ্জয় দত্তসহ থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৪ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৮টায় সুরমা ইউনিয়নের মহব্বতপুর বাজারে অভিযান পরিচালনা করে।
এ সময় ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তোফাজ্জলকে আটক করা হয়, যার আনুমানিক মূল্য ৩০,০০০ (ত্রিশ হাজার) টাকা।
এ বিষয়ে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম তালুকদার বলেন, ‘মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধার করা ইয়াবা ট্যাবলেটের বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।’



