ঈশ্বরদী উপজেলার জয়নগর শিমুলতলা এলাকায় ফলন্ত লিচু গাছ কেটে জমি দখলের অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী মো: মেহেদী হাসান তারেক ঈশ্বরদী থানায় লিখিত অভিযোগ করেছেন।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে নিজ এলাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
অভিযুক্তরা হলেন— উপজেলার সলিমপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড শিমুলতলা রাস্তাপাড়া এলাকার বাসিন্দা মো: মোনসের মাস্টারের ছেলে মো: আলাল হোসেন ও দুলাল হোসেন।
অভিযোগ সূত্রে জানা যায়, পাশাপাশি জমি হওয়ায় মেহেদী হাসান তারেকের জমিতে লাগানো ফলন্ত লিচু গাছের কিছু ডাল প্রতিবেশীর জমির দিকে ঝুঁকে পড়েছিল। এ অজুহাতে অভিযুক্তরা গাছের গোড়া থেকে একাধিক ডাল কেটে ফেলে এবং পরে সেগুলো বিক্রি করে দেয়। ঘটনাস্থলে গিয়ে কাটা ডাল, পাতা ও গাছের অংশ পড়ে থাকতে দেখা যায়।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী তারেক বলেন, "পাশাপাশি জমি হওয়ায় তারা আমার জমির ভেতরে মুরগির খামারের ঘর নির্মাণ করেছেন। আমি প্রতিবাদ করায় তারা প্রতিশোধমূলকভাবে আমার লিচু গাছের কয়েকটি ডাল কেটে বিক্রি করে দিয়েছেন। শুধু তাই নয়, তারা বিভিন্নভাবে আমার জমি দখলেরও চেষ্টা করছেন।"
তিনি আরো জানান, মোনসের মাস্টারের নির্দেশে কাটা গাছের ডাল প্রায় ৭ হাজার টাকায় বিক্রি করা হয়েছে বলে তিনি জানতে পেরেছেন।
এ ঘটনায় প্রতিকার চেয়ে ঈশ্বরদী থানায় একটি লিখিত অভিযোগ জমা দিয়েছেন বলে জানান ভুক্তভোগী।
এ বিষয়ে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের বক্তব্য পাওয়া যায়নি।



