পরিবেশ সুরক্ষা, জীববৈচিত্র্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় সারাদেশে পাঁচ লাখ গাছের চারা রোপণের কর্মসূচি গ্রহণ করেছে এগ্রিকালচারিস্টস’ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব)।
কর্মসূচির অংশ হিসেবে রোববার (২৩ আগস্ট) গাজীপুরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) প্রাঙ্গণে বৃক্ষরোপণ ও চারা বিতরণের মধ্য দিয়ে এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন।
এ্যাবের আহ্বায়ক কৃষিবিদ ড. কামরুজ্জামান কায়সারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নয়ন, কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, কৃষি মন্ত্রণালয়ের সচিব মো: সোলিম খান, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান আব্দুস ছালাম, কৃষি সম্প্রসারণ অধিদফতরের মহাপরিচালক আব্দুর রহিম, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো: মঞ্জুরুল কাদির ও বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক রফিকুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে জহির উদ্দিন স্বপন বলেন, ‘সবুজ বাংলাদেশ গড়তে এ্যাবের পাঁচ লাখ বৃক্ষরোপণের উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী ও প্রশংসনীয়। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য দেশ নিশ্চিত করতে সবাইকে বেশি করে গাছ লাগাতে হবে।’
তিনি বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার সময়েই পরিবেশ ও প্রতিবেশ ব্যবস্থার গুরুত্ব উপলব্ধি করেছিলেন। খাদ্য উৎপাদন বাড়াতে খাল খননের পাশাপাশি তিনি বৃক্ষরোপণেও গুরুত্ব দিয়েছিলেন। সেই ধারাবাহিকতায় বর্তমান সরকারও বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করেছে। পরিবেশ রক্ষায় সবাইকে সম্পৃক্ত করে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।’
কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল বলেন, ‘কৃষি ও পরিবেশের উন্নয়নে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তিনি হাজার হাজার কিলোমিটার খাল খননের মাধ্যমে কৃষির জন্য পানির ব্যবস্থা করেছিলেন এবং মানুষকে কৃষিকাজে উদ্বুদ্ধ করেছিলেন। তার লক্ষ্য ছিল দেশের কোনো জমি অনাবাদি না রাখা। তার সময়েই বাংলাদেশ খাদ্য উৎপাদনে স্বনির্ভরতার পথে এগিয়ে যায়। তারেক রহমানের নেতৃত্বে ভবিষ্যতে বাংলাদেশ খাদ্য রফতানিকারক দেশ হিসেবে আরো এগিয়ে যাবে।’
যুবদলের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নয়ন বলেন, ‘বিএনপির নির্বাচনী ইশতেহারে প্রতিটি নাগরিকের অধিকার নিশ্চিত করার কথা বলা হয়েছে। পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। নানা কারণে দেশে বন উজাড় হচ্ছে। এ অবস্থায় ব্যাপকভাবে বৃক্ষরোপণের পাশাপাশি রোপণ করা গাছের পরিচর্যা ও সংরক্ষণেও গুরুত্ব দিতে হবে।’
তিনি আরো বলেন, ‘খাল খননের মাধ্যমে পানির প্রবাহ ফিরিয়ে আনার পাশাপাশি পরিবেশ ও কৃষির উন্নয়নে মানুষকে সম্পৃক্ত করেছিলেন জিয়াউর রহমান। তার সেই উদ্যোগের ধারাবাহিকতায় পরিবেশ রক্ষায় সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।’
অনুষ্ঠান সঞ্চালনা করেন এ্যাবের সদস্যসচিব কৃষিবিদ শাহাদাত হোসেন বিপ্লব। উদ্বোধনী আলোচনা সভা শেষে বারি প্রাঙ্গণে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেন প্রধান অতিথি ও অন্যান্য অতিথিরা।



