মানিকগঞ্জে জ্বালানি তেল পরিমাপে কম দেয়ার অভিযোগে একটি ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ও র্যাব-৪-এর সমন্বয়ে যৌথ অভিযান চালানো হয়।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে সদর উপজেলার মিতরা বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত মিলন’স ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল। অভিযানে ডিজেল পরিমাপ করে প্রতি পাঁচ লিটারে প্রায় ২৩০ মিলিলিটার কম দেয়ার প্রমাণ পাওয়া যায়।
এ সময় সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৮ ধারায় জরিমানা আরোপ করেন।
সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে মিতরা মিলন’স ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করে তেল কম দেয়ার অভিযোগের সত্যতা পাওয়া যায়। তারা প্রতি পাঁচ লিটার তেলে ২১০ মিলিলিটার কম তেল দিচ্ছিলেন। ভোক্তা অধিকার আইনের ৪৮ ধারায় তাদেরকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ভবিষ্যতে এমন অপরাধ না করার জন্য তাদের কঠোরভাবে সতর্ক করা হয়েছে।’
অভিযান সংশ্লিষ্টরা জানান, দীর্ঘদিন ধরে ভোক্তাদের কাছ থেকে তেল কম দেয়ার অভিযোগ আসছিল। এরই পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পাওয়া যায়।



