জামালপুরের মেলান্দহে স্কুল ফিডিংয়ের পাউরুটি খাওয়ার সময় ভেতর থেকে সুই (আলপিনের মতো বস্তু) বের হয়েছে। এতে স্কুলে দেয়া খাবার নিয়ে আতঙ্কিত হয়ে পড়েছে শিক্ষার্থীরা। এছাড়া প্রায়ই বাসি খাবার দেয়ারও অভিযোগ শিক্ষার্থীদের।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে উপজেলার হাজরাবাড়ি পৌর এলাকার চর আদিয়ারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
খোঁজ নিয়ে জানা যায়, চর আদিয়ারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৬৮ জন শিক্ষার্থীর মাঝে স্কুল ফিডিংয়ের খাবার বিতরণ করা হয়েছে। আজ ডিম ও পাউরুটি দেয়ার কথা থাকলেও শুধু পাউরুটি দেয়া হয়। এ সময় প্রথম শ্রেণির শিক্ষার্থী রিয়া মনি পাউরুটি খাওয়ার সময় ভেতর থেকে সুই বের হয়।
শিক্ষার্থীরা জানায়, রিয়া মনি নামে একজনের পাউরুটি থেকে সুই বের হয়েছে। এ ছাড়া ডিমগুলোও পচা থাকে। অন্য খাবারের মানও ভালো না বলে জানায় তারা।
শিক্ষার্থী রিয়া মনি বলে, ‘আমাদের আজ ডিম দেয়নি, শুধু পাউরুটি দিয়েছে। আমি পাউরুটি খেতে খেতে বাড়ির দিকে যাচ্ছিলাম। একটু খেয়েছি তারপর হাত দিয়ে ছিঁড়তেই সুই দিয়ে হাতে গুতা লাগে। তারপর আমার মাকে জানাই। আমার মা স্কুলে নিয়ে ম্যাডামকে দেখায়।’
চর আদিয়ারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারা পারভিন বলেন, ‘আজ আমাদের স্কুলে ৬৮ জনকে পাউরুটি দেয়া হয়েছে। সাথে ডিম দেয়ার কথা ছিল তবে তারা দেয়নি। প্রথম শ্রেণীর শিক্ষার্থীর পাউরুটির ভেতর থেকে সুই বের হয়েছে। পাউরুটিটা যদি সরাসরি মুখে দিত তাহলে গলায় বিঁধে যেত। এটা জেনে সব শিক্ষার্থী আতঙ্কিত হয়ে পড়েছে। সবাই বলছে এ পাউরুটি আর কেউ খাবে না। আমি সবাইকে বুঝিয়েছি তবুও তারা মানতে চাইছে না।’
এ বিষয়ে মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাতুল আরা বলেন, ‘যে দিন যে খাবার দেয়ার কথা সেটি অবশ্যই দিবে। কম হওয়ার কথা না। তবে কি কারণে আজ ডিম দেয়নি আমি বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।’
তিনি আরো বলেন, ‘খাবারে সুই বের হওয়ার বিষয়টি এখনো পর্যন্ত ঊর্ধ্বতন কাউকে জানাইনি। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেব।’



