ভালুকায় বসতঘর থেকে গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার

রোববার (৮ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের গাংগাটিয়া মধ্যপাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

আসাদুজ্জামান, ভালুকা (ময়মনসিংহ)

Location :

Bhaluka
ময়মনসিংহের ম্যাপ
ময়মনসিংহের ম্যাপ |নয়া দিগন্ত

ময়মনসিংহের ভালুকায় নিজ বসতঘর থেকে রাহিমা (৩৫) নামে এক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৮ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের গাংগাটিয়া মধ্যপাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত রাহিমা ওই এলাকার বিল্লাল নামে এক লেপ-তোশক ব্যবসায়ীর স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় রাহিমা তার স্বামী বিল্লালের কাছ থেকে টাকা নিয়ে বাজার করে বাড়িতে ফেরেন। রাত ৮টার দিকে তিনি তার মেয়ে সুমাইয়া আক্তার (১৬) ও ছেলে রাহাতকে (৭) খাবার খাওয়ানোর পর পাশের কক্ষে শুইয়ে দেন। তার স্বামী প্রতিদিন রাতে দেরিতে বাড়ি ফেরেন, এ কারণে তিনি ঘরের দরজা বন্ধ না করেই নিজ কক্ষে ঘুমিয়ে পড়েন। পরে রাত ১০টার দিকে দুর্বৃত্তরা ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে রাহিমাকে গলা কেটে হত্যা করেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হত্যার পর লাশ গুম করার চেষ্টা করা হয়। এ সময় বারান্দায় থাকা একটি সেলাই মেশিনে ধাক্কা লাগলে শব্দ হয়। শব্দ শুনে রাহিমার মেয়ে সুমাইয়া আক্তার বাইরে এসে তার মাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করলে বিষয়টি জানাজানি হয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে মর্গে পাঠিয়েছে।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কারা বা কেনো এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা এখনো জানা যায়নি। পুলিশ কাজ করছে।