আড়াই হাজার টাকার জন্য রাজবাড়ীতে দিন-দুপুরে যুবককে কুপিয়ে হত্যা

ধারের আড়াই হাজার টাকা পরিশোধ না করায় রাজবাড়ী পৌরশহরে দিনদুপুরে জাহিদ হাসান (২৭) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

এম মনিরুজ্জামান, রাজবাড়ী

Location :

Rajbari
আড়াই হাজার টাকার জন্য রাজবাড়ীতে দিনদুপুরে যুবককে কুপিয়ে হত্যা
আড়াই হাজার টাকার জন্য রাজবাড়ীতে দিনদুপুরে যুবককে কুপিয়ে হত্যা |নয়া দিগন্ত

ধারের আড়াই হাজার টাকা পরিশোধ না করায় রাজবাড়ী পৌরশহরে দিনদুপুরে জাহিদ হাসান (২৭) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর দেড় টার দিকে পৌর শহরের ড্রাইআইচ ফ্যাক্টরি এলাকার ভিপি ফরিদ সড়কে কিশোলয় স্কুলের পাশে এ নির্মম হত্যা কান্ড ঘটানো হয়।

পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, পূর্বশত্রুতার জেরেই এ ঘটনা ঘটেছে। নিহত জাহিদ ওই এলাকার মাহাতাব ফকীরের ছেলে।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার জিয়াউর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, প্রাথমিক তদন্তে পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার সাথে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশ কাজ করছে। এ বিষয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর দেড় টার দিকে জাহিদ হাসান খাবার খেয়ে বাড়ি থেকে প্রায় ১০০ মিটার দূরে একই সড়কের সাহেব আলী ওরফে মনোর দোকানে যান। এ সময় কয়েকজন সশস্ত্র দুর্বৃত্ত সেখানে এসে তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরিবার সূত্রে জানা গেছে, প্রায় চার বছর আগে জাহিদ হাসান মালয়েশিয়া থেকে দেশে ফিরে আসেন। এরপর থেকে তিনি বাড়িতেই অবস্থান করছিলেন এবং শ্রমিকের কাজ করে জীবিকা নির্বাহ করতেন। নিহতের বড় ভাইয়ের ছেলে শিহাব ফকীর জানান, আমরা জানতাম না কাকার সাথে কারও কোনো শত্রুতা ছিল।

গতকাল দুই ব্যক্তি বাড়িতে এসে কাকার কাছে পাওনা ২ হাজার ৫০০ টাকা দাবি করে। এ নিয়ে কথা কাটাকাটি হয়েছিল বলে পরে দাদির কাছ থেকে শুনেছি। কিন্তু প্রকাশ্যে কে বা কারা এমন ঘটনা ঘটালো আমরা জানি না। আমরা এই হত্যার সুষ্ঠু বিচার চাই।

নিহতের বাবা মাহাতাব ফকীর জানান, আমার ছেলের কারও সাথে কোনো ঝামেলা ছিল না। আমি আমার ছেলের হত্যাকারীদের বিচার চাই।

সদর হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক নুর ইসলাম জানান, দুপুর ২টার দিকে জাহিদ হাসান নামে একজনকে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন ছিল।