লালমনিরহাট সীমান্তে ভারতীয় চোরাকারবারীদের প্রতিহত করতে বিজিবির গুলি

চোরাকারবারীরা নির্দেশ অমান্য করে বিজিবি টহলদলের দিকে অগ্রসর হতে থাকলে পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং চোরাকারবারীদের সতর্ক করার লক্ষ্যে বিজিবির টহল সদস্যরা ফায়ার করে।

নিজস্ব প্রতিবেদক

Location :

Lalmonirhat
সীমান্তে বিজিবির তৎপরতা
সীমান্তে বিজিবির তৎপরতা |সংগৃহীত

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার সীমান্তবর্তী পশ্চিম গিয়ারপাড়া এলাকায় ভারতীয় চোরাকারবারীদের বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা প্রতিহত করতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ফায়ার করেছে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বৃহস্পতিবার (২১ মে) দিবাগত রাত আনুমানিক ২টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

বিজিবি সূত্রে জানা যায়, রংপুর ব্যাটালিয়নের (৫১ বিজিবি) অধীনস্থ কলসিমুখ বিওপির টহলদল দায়িত্বপূর্ণ সীমান্তের মেইন পিলার-৮০৬-এর নিকটবর্তী এলাকায় নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করছিল। এসময় ভারতের দিক থেকে তারকাঁটা পেরিয়ে কতিপয় চোরাকারবারীকে বাংলাদেশের অভ্যন্তরে পশ্চিম গিয়ারপাড়া এলাকায় প্রবেশের চেষ্টা করতে দেখে বিজিবি টহলদল তাদেরকে চ্যালেঞ্জ করে। চোরাকারবারীরা নির্দেশ অমান্য করে বিজিবি টহলদলের দিকে অগ্রসর হতে থাকলে পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং চোরাকারবারীদের সতর্ক করার লক্ষ্যে বিজিবির টহল সদস্যরা ফায়ার করে। ফায়ারের পর চোরাকারবারীরা দ্রুত ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়।

এ ঘটনায় সীমান্তে বিজিবির টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর ব্যাটালিয়নের (৫১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিউর রহমান।