ময়মনসিংহের গফরগাঁওয়ে ইটবাহী লরির ধাক্কায় মোটরসাইকেলচালক ধান ব্যবসায়ী মো: সোহেল মিয়া (৪০) নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে উপজেলার দত্তেরবাজার চৌরাস্তার পশ্চিম পাশে দত্তেরবাজার-কান্দিপাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যবসায়ী সোহেল মিয়া পাগলা থানার পাঁচবাগ ইউনিয়নের উত্তর লামকাইন গ্রামের মো: ফালু মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ধান ব্যবসায়ী সোহেল মিয়া বৃহস্পতিবার দুপুর ১টার দিকে ব্যবসায়িক কাজ শেষে মোটরসাইকেলযোগে কান্দিপাড়া বাজার থেকে উত্তর লামকাইনে বাড়ির উদ্দেশে রওয়ানা দেন। পথিমধ্যে চৌরাস্তার পশ্চিম পাশে পৌঁছালে একটি দ্রুতগতির ইটবাহী লরি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান এবং ঘটনাস্থলেই মারা যান।



