চেয়ারে বসা নিয়ে রাবিতে দুই বিভাগের শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ

চেয়ারে বসা নিয়ে রাবিতে দুই বিভাগের শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষে আহত ৪; উভয় বিভাগের একাডেমিক ভবনে ভাঙচুর করা হয়েছে। তদন্ত কমিটি গঠিত হয়েছে।

রাবি প্রতিনিধি

Location :

Rajshahi
রাবিতে দুই বিভাগের শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ
রাবিতে দুই বিভাগের শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ |নয়া দিগন্ত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) এক অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে ম্যানেজমেন্ট স্টাডিজ ও রসায়ন বিভাগের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। এতে অন্তত চার শিক্ষার্থী আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে উভয় বিভাগের একাডেমিক ভবনে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে বিশ্ববিদ্যালয়ের নবাব আবদুল লতিফ হলের পেছনে এবং সংশ্লিষ্ট দুই বিভাগের একাডেমিক ভবনে এ সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটে।

আহতরা হলেন রসায়ন বিভাগের ফেরদৌস হাসান, সাজিদুর, নোমান ও সামিন। তাদের মধ্যে গুরুতর আহত ফেরদৌস হাসান ও সাজিদুরকে প্রথমে বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারে নেয়া হয়। পরে তাদের রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, টিএসসিতে একটি অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে ম্যানেজমেন্ট স্টাডিজ ও রসায়ন বিভাগের কয়েকজন শিক্ষার্থীর মধ্যে বাগবিতণ্ডা হয়। পরে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও বিরোধ মেটেনি। একপর্যায়ে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের কয়েকজন শিক্ষার্থী নবাব আবদুল লতিফ হলের পেছনে রসায়ন বিভাগের শিক্ষার্থীদের মারধর করেন। এতে রসায়ন বিভাগের দুই শিক্ষার্থী আহত হন।

এর জেরে রসায়ন বিভাগের শিক্ষার্থীরা ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের একাডেমিক ভবন রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনে হামলা ও ভাঙচুর করেন। এ সময় ভবনটির দ্বিতীয় ও তৃতীয় তলা থেকে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা ইট-পাটকেল নিক্ষেপ করেন। এতে রসায়ন বিভাগের আরো দুই শিক্ষার্থী আহত হন। পরে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা রসায়ন বিভাগের একাডেমিক ভবন জাবির ইবনে হাইয়ান ভবনে হামলা ও ভাঙচুর চালান।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক রফিকুল ইসলাম বলেন, ‘সংঘর্ষে রসায়ন বিভাগের ফেরদৌস হাসানসহ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। তাদের মধ্যে একজনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছি।’

রাবি মেডিক্যালের কর্তব্যরত চিকিৎসক জানান, আমরা গুরুতর আহত অবস্থায় চারজনকে পেয়েছি। তাদের মধ্যে দুজনের অবস্থা একটু আশঙ্কাজনক। প্রাথমিক চিকিৎসা দেয়ার পর দ্রুততার সাথে আমরা অ্যাম্বুলেন্সে করে তাদের রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছি।

এদিকে ঘটনার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক আব্দুল আলীম বলেন, আমরা বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষন করেছি। বর্তমান পরিস্থিতি শান্ত রয়েছে। আহতদের চিকিৎসার জন্য রামেকে পাঠানো হয়েছে। এই ঘটনায় তদন্ত করতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। যারা দোষী তাদেরকে অবশ্যই শাস্তির আওতায় আনা হবে।