আধা ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু

প্রায় তিন বছর আগে হায়দার আলী ও রহিমা বেগমের একমাত্র ছেলে জুয়েল স্ট্রোক করে মারা যান। ছেলের মৃত্যুর পর বৃদ্ধ দম্পতি গভীর মানসিক কষ্টে ছিলেন।

মো: আব্দুল আওয়াল, বাগাতিপাড়া (নাটোর)

Location :

Bagatipara
রহিমা বেগম ও হায়দার আলী
রহিমা বেগম ও হায়দার আলী |সংগৃহীত

নাটোরের বাগাতিপাড়ায় অসুস্থতাজনিত কারণে হায়দার আলী (৭১) নামের এক ব্যক্তির মৃত্যুর প্রায় আধা ঘণ্টা ব্যবধানে তার স্ত্রীরও মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সন্ধ্যায় উপজেলার দয়ারামপুর ইউনিয়নের বাটিকামারি গ্রামে এ ঘটনা ঘটে। তার স্ত্রীর নাম রহিমা বেগম (৬২)।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে হায়দার আলী বাটিকামারী বাজারে অবস্থিত নিজ দোকানে হঠাৎ শারীরিকভাবে অসুস্থতা বোধ করেন। স্থানীয়দের সহযোগিতায় দোকান বন্ধ করে বাড়ির উদ্দেশে রওনা দেন। পথে তার অবস্থার অবনতি হলে কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয়। পরে স্বজনরা তার লাশ বাড়িতে নিয়ে গেলে স্ত্রী রহিমা বেগম স্বামীর লাশ দেখে গভীর শোকে মূর্ছা যান। স্বামীর মৃত্যু সংবাদ সহ্য করতে না পেরে আধা ঘণ্টার মধ্যেই তিনিও মৃত্যুবরণ করেন।

মৃত হায়দার আলীর শ্যালক মাওলানা আশরাফুল আলম জানান, প্রায় তিন বছর আগে হায়দার আলী ও রহিমা বেগমের একমাত্র ছেলে জুয়েল স্ট্রোক করে মারা যান। ছেলের মৃত্যুর পর বৃদ্ধ দম্পতি গভীর মানসিক কষ্টে ছিলেন। সংসারের একমাত্র উপার্জনের মাধ্যম ছিল হায়দার আলীর মুদিদোকান।

তিনি আরো জানান, ছেলের মৃত্যুর পর থেকেই হায়দার আলী হৃদরোগে আক্রান্ত হন এবং ধীরে ধীরে তার শারীরিক অবস্থা খারাপ হতে থাকে। বৃহস্পতিবার বিকেলে অসুস্থ হয়ে বাড়ি ফেরার পথে তিনি মারা যান। এ খবর শুনে রহিমা বেগম স্বামী হারানোর শোক সহ্য করতে না পেরে অল্প সময়ের মধ্যেই মারা যান।