ব্রাহ্মণপাড়ার জনসভায় হাসনাত আব্দুল্লাহ

ভোটকেন্দ্র দখল করতে এলে প্রতিরোধ গড়তে হবে

আমার মা-বোনেরা আপনারা যারা রয়েছেন, ভোটের দিন সকাল সাড়ে সাতটার দিকে আপনারা কেন্দ্রে চলে যাবেন। সেদিন কেন্দ্র থেকে ভোট দিয়ে এসে বাড়িতে নাস্তা করবেন। আপনারা জানেন না, নীরবে বিপ্লব ঘটে গিয়েছে। মানুষ অপেক্ষায় রয়েছে।

Location :

Brahmanpara
কুমিল্লার ব্রাহ্মণপাড়ার চান্দলা কে. বি হাইস্কুল অ্যান্ড কলেজ মাঠে নির্বাচনী জনসভায় দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ড. মোবারক হোসাইনের সাথে হাসনাত আব্দুল্লাহ
কুমিল্লার ব্রাহ্মণপাড়ার চান্দলা কে. বি হাইস্কুল অ্যান্ড কলেজ মাঠে নির্বাচনী জনসভায় দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ড. মোবারক হোসাইনের সাথে হাসনাত আব্দুল্লাহ |নয়া দিগন্ত

ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) সংবাদদাতা

কুমিল্লা-৪ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, যেসব চাঁদাবাজ, টেন্ডারবাজ, দখলবাজ ও আওয়ামী লীগের সন্ত্রাসীদের যারা বর্ডার দিয়ে পার করে দিয়েছে তারা যদি ভোটকেন্দ্র দখল করতে আসে আমার শিবির ও ছাত্রশক্তির ভাইদের প্রতিরোধ গড়ে তুলতে হবে।

বৃহস্পতিবার ( ৫ফেব্রুয়ারি ) বিকেলে কুমিল্লার ব্রাহ্মণপাড়ার চান্দলা কে. বি হাইস্কুল অ্যান্ড কলেজ মাঠে ১১ দলীয় নির্বাচনী ঐক্য চান্দলা ইউনিয়নের উদ্যোগে আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, যে ব্যক্তিটা চাঁদাবাজি করে উনিও চায় উনার ছেলেটা যেন ভালো সমাজে বড় হয়ে ওঠে। যে লোকটা সুদে টাকা লাগায় তার মেয়ের বিয়ের সময় সেও ভালো ছেলে শিবির ও ছাত্রশক্তির মানুষ খুঁজে বের করে। মাদকের সাথে যে জড়িত, বর্ডার এলাকায় প্রত্যেকটা মাদক ব্যবসায়ী সে নিজেও চায় তার সন্তান একটি সুস্থ ও সুখীসমৃদ্ধ পরিবেশে বড় হোক। তারা জানে এটি কেবলমাত্র ঐক্যবদ্ধ বাংলাদেশের মধ্য দিয়েই সম্ভব। এটা কেবলমাত্র ১১ দলের মধ্য দিয়েই সম্ভব। তারা অপেক্ষায় রয়েছে আপনাদের দাওয়াতের জন্য।

কুমিল্লা-৫ ( বুড়িচং-ব্রাহ্মণপাড়া ) আসনের দায়িত্বে নিয়োজিত প্রশাসনের উদ্দেশ্যে হাসনাত আব্দুল্লাহ বলেন, বুড়িচং-ব্রাহ্মণপাড়ায় প্রশাসনে যারা আছেন, আমরা বিশ্বাস রাখতে চাই, এই নির্বাচনে ওসিদেরকে কেনা যাবে না। এসপিদের জন্য আলাদা কোনো খাম রাখতে হবে না। এসআইদের জন্য আলাদা কোনো টাকা রাখতে হবে না। তাদের বিবেকের তাড়নায়, তাদের পেশার মর্যাদায়, তাদের পোশাকের সম্মানে তারা স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য যদি জীবন দিতে হয় ; তারা সেদিন নির্বাচনের কেন্দ্রগুলোর জন্য প্রয়োজন হলে জীবন দেবেন।

এনসিপি নেতা আরো বলেন, আমার মা-বোনেরা আপনারা যারা রয়েছেন, ভোটের দিন সকাল সাড়ে সাতটার দিকে আপনারা কেন্দ্রে চলে যাবেন। সেদিন কেন্দ্র থেকে ভোট দিয়ে এসে বাড়িতে নাস্তা করবেন। আপনারা জানেন না, নীরবে বিপ্লব ঘটে গিয়েছে। মানুষ অপেক্ষায় রয়েছে। সিএনজি ড্রাইভাররা অপেক্ষায় রয়েছেন। ব্যবসায়ীরা নিস্তার চান। মানুষ মুক্তি চায়, তারা শান্তি চায়। ১১ দলীয় ঐক্যবদ্ধ জোটকে ভোট দেয়ার জন্য সবাই প্রস্তুত হয়ে আছে। আমার মা-বোনেরা রোজা রেখে আপনাদেরকে ভোট দেবে ইনশাল্লাহ। সুতরাং ভয় পাওয়ার কোনো কারণ নাই, পিছু হটার দরকার নাই, ইনশাল্লাহ আমরা বিজয় নিয়েই ১২ তারিখ ১১ দলীয় ঐক্যবদ্ধ বাংলাদেশ তথা আমরা সংসদে যাব।

চান্দলা ইউনিয়ন জামায়াতে ইসলামির আমির অধ্যাপক মোহাম্মদ আমিরুল ইসলামের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল মতিন, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও কুমিল্লা-৫ আসনের জামায়াত মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ড. মোবারক হোসাইন, কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি সাইফুল ইসলাম শহিদ, শূরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক আব্দুল আউয়াল, ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মিজানুর রহমান আতিকী, ব্রাহ্মণপাড়া উপজেলা জামায়াতের আমির মাওলানা রেজাউল করিম প্রমুখ।