বন্দরে মাসুম রানা (৩৫) নামের এক অটোরিকশা চালককে হত্যার ঘটনায় জুম্মন (২৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে র্যাব।
সোমবার (৬ জুলাই) বন্দরের রামনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। জুম্মন বন্দরের রামনগর এলাকার মনির হোসেনের ছেলে।
নিখোঁজের ছয় দিন পর একটি পরিত্যক্ত ডোবা থেকে মাসুম রানার (৩৫) অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ।
শনিবার (৭ জুলাই) সকালে উপজেলার মদনগঞ্জ-মদনপুর মহাসড়কের পাশে ঢাকেশ্বরী রোড এলাকার একটি পরিত্যক্ত ডোবায় লাশটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন।
পরে বন্দর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। পরিবারের সদস্যরা লাশটি মাসুম রানার বলে শনাক্ত করেন।
নিহত মাসুম রানা বন্দরের সোনাচরা এলাকার বাচ্চু মিয়ার ছেলে।
নিহতের স্ত্রী সুমা আক্তার জানান, গত সোমবার বাড়ি থেকে বের হওয়ার পর থেকে মাসুম নিখোঁজ ছিলেন। পরে এ ঘটনায় বন্দর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
লাশ উদ্ধারের পর নিহতের স্ত্রী বাদী হয়ে শনিবার রাতে বন্দর থানায় একটি মামলা করেন। মামলায় ২৬ নং ওয়ার্ড বন্দরের সোনাচরা এলাকার বারেকের ছেলে মো: রাসেল (৪০) ও ধামগড় ইউনিয়নের মনারবাড়ি এলাকার খোরশেদের ছেলে সাইফুলকে (৪৩) আসামি করা হয়।
এ ব্যাপারে বন্দর থানার ওসি জামালউদ্দিন জানান, এ ঘটনায় দুই জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।



