কক্সবাজারের সমুদ্র সৈকতের হিমছড়ি পয়েন্টে গোসল করতে নেমে সাদমান রহমান সাবাব (২১) নামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এখনো নিখোঁজ রয়েছে দুই শিক্ষার্থী।
আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে হিমছড়ি সমুদ্র সৈকতে এ ঘটনা ঘটে।
সাদমান রহমান সাবাব ঢাকা মিরপুরের এ/৭ পল্লবী দক্ষিণের বাসিন্দা কে এম আনিসুর রহমানের ছেলে এবং নিখোঁজ অন্য দু’জন শিক্ষার্থীরা হলেন- বগুড়ার দক্ষিণ সনসনিয়া গ্রামের আমিনুল ইসলামের ছেলে অরিত্র হাসান ও বগুড়া সদরের নারুলি দক্ষিণের বাসিন্দা রফিকুল ইসলামের ছেলে আসিফ আহমেদ।
এ ঘটনায় সী সেফ লাইফ গার্ড সংস্থার কর্মকর্তা ইমতিয়াজ আহমেদ বলেন, পাঁচ বন্ধু মিলে কক্সবাজার ঘুরতে আসে। তারা সবাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ সেশনের ডেভেলপমেন্ট স্টাডিজের বিভাগের শিক্ষার্থী। তারা সকালে হিমছড়ি সৈকতে যান। এদের মধ্যে দু’জন বাঁধের উপরে বসে ছিল আর বাকি তিনজন বাঁধের নিচে নেমে গোসলে নামে। এ সময় ঢেউয়ের তোড়ে সাগরে ভেসে যায়। পরে অন্য পর্যটকরা সাদমান রহমান সাবাবের লাশ উদ্ধার করে। বাকি দু’জন নিখোঁজ রয়েছে।
তিনি বলেন, বৃষ্টি আর আবহাওয়ার কারণে সমুদ্র উত্তাল। ফায়ার সার্ভিস, ট্যুরিস্ট পুলিশ ও লাইফ গার্ড কর্মী উদ্ধার কার্যক্রম চালাচ্ছে।
ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বলেন, সাবাব নামের এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। বাকি দু’জন শিক্ষার্থীকে উদ্ধারে তল্লাশি চালানো হচ্ছে।



