বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে ময়মনসিংহে বর্ণিল শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে বর্ষবরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখে জেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী এ কর্মসূচি পালিত হয়।
সকালে নগরীর ময়মনসিংহ মহাবিদ্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শিল্পাচার্য জয়নুল আবেদীন পার্কের বৈশাখী মঞ্চ-২ পর্যন্ত বর্ণিল শোভাযাত্রা বের করা হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীসহ নানা জাতিগোষ্ঠীর অংশগ্রহণে শোভাযাত্রাটি উৎসবের রূপ নেয়। রঙিন মুখোশ, প্রতীকী ভাস্কর্য ও ঐতিহ্যবাহী উপস্থাপনায় শোভাযাত্রা নগরজুড়ে ব্যাপক আকর্ষণ সৃষ্টি করে।
শোভাযাত্রায় ময়মনসিংহ-৪ আসনের সংসদ সদস্য মো: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, বিভাগীয় কমিশনার মিজ ফারাহ শাম্মী, জেলা প্রশাসক মো: সাইফুর রহমান, জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহসহ প্রশাসন, জেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল করিম ও বিভিন্ন রাজনৈতিক-সামাজিক সংগঠনের নেতারা অংশ নেন।
শোভাযাত্রা শেষে বৈশাখী মঞ্চে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, দীর্ঘদিন পর উন্মুক্ত পরিবেশে সবাই মিলে নববর্ষ উদযাপন করতে পারা আনন্দের। তারা দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্য ধারণ করে সম্মিলিতভাবে দেশকে এগিয়ে নেয়ার ওপর গুরুত্বারোপ করেন।
বক্তারা আরো বলেন, বাংলাদেশ বহুজাতিক সংস্কৃতির দেশ। বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে দেশীয় সংস্কৃতির বিকাশে সবাইকে কাজ করতে হবে। নতুন প্রজন্মের মধ্যে বাংলা সংস্কৃতির চর্চা বাড়ানোরও আহ্বান জানানো হয়।
আলোচনা শেষে স্থানীয় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষার্থীদের অংশগ্রহণে নাচ, গান ও পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় বিপুলসংখ্যক দর্শক অনুষ্ঠান উপভোগ করেন।



