নড়াইলে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত

নিহত সালমান উপজেলার দোয়ামল্লিকপুর গ্রামের মরহুম শহীদ মল্লিকের ছেলে। তিনি সরকারি মল্লিকপুর ইউনিয়ন একাডেমীর দশম শ্রেণির শিক্ষার্থী বলে জানা গেছে।

সালমান মল্লিক
সালমান মল্লিক |নয়া দিগন্ত

শরিফুজ্জামান, লোহাগড়া (নড়াইল)

নড়াইলের লোহাগড়া উপজেলায় রাস্তায় দাঁড়িয়ে থাকা রোড রোলারে মোটরসাইকেলের ধাক্কায় সালমান মল্লিক (১৮) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দু’জন। তাদেরকে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (২১ মে) রাত ৮টার দিকে লোহাগড়া পৌর শহরের কুন্দশী এলাকার এ ঘটনা ঘটে।

নিহত সালমান উপজেলার দোয়ামল্লিকপুর গ্রামের মরহুম শহীদ মল্লিকের ছেলে। তিনি সরকারি মল্লিকপুর ইউনিয়ন একাডেমীর দশম শ্রেণির শিক্ষার্থী বলে জানা গেছে।

লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাত ৮টার দিকে সালমান ও তার মা-ভাবীকে নিয়ে মোটরসাইকেলযোগে নিজ বাড়ি দোয়া-মল্লিকপুর থেকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাচ্ছিল। এ সময় দ্রুত গতির মোটরসাইকেলটি শহরের কুন্দশী এলাকার আজিজুর রহমান মুয়াজের বাড়ির সামনে পৌঁছালে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা রোড রোলারের সাথে ধাক্কা লাগে। এতে সালমানসহ তার মা ও ভাবী গুরুতর আহত হয়।

এ সময় স্থানীয় লোকজন তাদেরকে আহত অবস্থায় উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সালমানকে মৃত ঘোষণা করেন। আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, আইনিপ্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।