মাদারগঞ্জ (জামালপুর) সংবাদদাতা
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার ৪ নম্বর বালিজুড়ী ইউনিয়ন জামায়াতে ইসলামী’র উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রমজানের তাৎপর্য তুলে ধরা, ইসলামী মূল্যবোধ চর্চা এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামী’র আমির মাওলানা নুরুল আমিন।
বালিজুড়ী ইউনিয়ন জামায়াতের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এবং মোহাম্মদ আলী জিন্নাহ’র সঞ্চালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন মাদারগঞ্জ শিক্ষক ফেডারেশনের সেক্রেটারি আবু সাইম, বালিজুড়ী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি দেলোয়ার হোসেন, সহ-সভাপতি নাসিরুদ্দিন, বায়তুল মাল সম্পাদক মিজানুর রহমান, মেজর, রঞ্জু মিয়া, ইয়াসিন, সাইফুল ইসলাম, জামিরুলসহ স্থানীয় জামায়াত নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পবিত্র রমজান মাস সংযম, আত্মশুদ্ধি ও তাকওয়া অর্জনের মাস। এ মাস মানুষকে ধৈর্য, সহমর্মিতা ও মানবিকতার শিক্ষা দেয়। রোজার মাধ্যমে মানুষ নিজের আত্মাকে পরিশুদ্ধ করার পাশাপাশি সমাজের অসহায় ও দরিদ্র মানুষের কষ্ট উপলব্ধি করতে পারে।
বক্তারা আরো বলেন, সমাজে ন্যায়-নীতি, সততা ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। রমজান মুসলিম উম্মাহর মধ্যে ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধনকে আরো দৃঢ় করে।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি এবং কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। পরে উপস্থিত সবার মাঝে ইফতার পরিবেশন করা হয়।



