ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে বিএনপি ও জামায়াতে ইসলামীর তিন সমর্থককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে জনসভায় মোটরসাইকেল শোডাউন নিয়ে যাওয়ার অপরাধে ভাংবাড়িয়া ইউনিয়নের এক বিএনপি সমর্থককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া প্রতীকের নির্ধারিত দৈর্ঘ্য অতিক্রম করায় বাদেমাজু গ্রামের এক জামায়াত সমর্থককে পাঁচ হাজার টাকা ও বেলগাছী গ্রামের আরেক জামায়াত সমর্থককে দু’ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন আলমডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ এস এম শাহনেওয়াজ মেহেদী ও জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম আশিস মোমতাজ।
জানা গেছে, নির্বাচনী আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ এস এম শাহনেওয়াজ মেহেদী পুলিশ ও বিজিবি সদস্যদের নিয়ে অভিযানে বের হন। এ সময় আলমডাঙ্গা-হাটবোয়ালিয়া সড়কে একটি বড় মোটরসাইকেল শোডাউন তার নজরে আসে। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে ভাংবাড়িয়া ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা মোটরসাইকেল শোডাউন নিয়ে আলমডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির আয়োজিত জনসভায় যোগ দিতে আসছিলেন। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নির্বাচনী প্রচারণায় যানবাহন ব্যবহার করে জনসভায় অংশ নেয়ার অপরাধে ভাংবাড়িয়া গ্রামের মিজরুল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে একই উপজেলার বাদেমাজু গ্রামে জামায়াতে ইসলামীর নির্বাচনী অফিসের সামনে নির্ধারিত তিন মিটার দৈর্ঘ্যের বেশি প্রতীক উত্তোলনের দায়ে জামায়াত সমর্থক জাহাঙ্গীর আলমকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম আশিস মোমতাজ নির্বাচনী আচরণবিধি প্রতিপালনে অভিযান চালিয়ে আচরণবিধির ২(ক) ধারা লঙ্ঘনের দায়ে বেলগাছী গ্রামের জাহিদুল হক মালিতাকে দু’ হাজার টাকা জরিমানা করেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।



