নোয়াখালীর কোম্পানীগঞ্জে পুকুর থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
শুক্রবার (১৩ মার্চ) দুপুর ১২টার দিকে পুলিশ ওই লাশ উদ্ধার করে।
স্থানীয় সূত্র জানায়, উপজেলার মেহেরুন্নেসা উচ্চ বিদ্যালয়ের পুকুরে মাছ ধরতে সেচ মেশিন বসানো হয়। পানি কমে গেলে স্থানীয়রা মাছ ধরার প্রস্তুতি নিতে কচুরিপানা সরানোর সময় একটি লাশ দেখতে পান। বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে দুপুর ১২টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে। পরে লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নুরুল হাকিম বলেন, ‘লাশ পচে যাওয়ায় এখনো তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।’



