মুকসুদপুরে পুকুর থেকে কিশোরের লাশ উদ্ধার, আটক ২

ডাব পাড়তে গিয়ে পানিতে পড়ে মারা যায় রিয়ান। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।

মুকসুদপুর (গোপালগঞ্জ) সংবাদদাতা

Location :

Muksudpur
সংগৃহীত

গোপালগঞ্জের মুকসুদপুরে একটি পরিত্যক্ত পুকুর থেকে রিয়ান মোল্লা (১৩) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।

সোমবার (২০ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার কমলাপুর গ্রামের আওলাদ মোল্লার পরিত্যক্ত পুকুর থেকে ওই কিশোরের লাশ উদ্ধার করা হয়।

নিহত রিয়ান মুকসুদপুর উপজেলার কমলাপুর মধ্যপাড়া গ্রামের রিপন মোল্লার ছেলে। আটকরা হলেন একই গ্রামের দুলাল মোল্লার ছেলে আরিফ মিয়া (২০) ও রবিউল শেখের ছেলে মুরছালিন শেখ (১৬)।

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি আবদুল্লাহ আল মামুন জানান, রোববার রিয়ান তার দুই সঙ্গী আরিফ ও মুরছালিনকে নিয়ে আওলাদ মোল্লার বাগান থেকে ডাব পাড়তে যান। রিয়ান গাছে উঠে ডাব পাড়তে গেলে হঠাৎ পরিত্যক্ত পুকুরে পড়ে যায়। এসময় দুই সঙ্গী আরিফ ও মুরছালিন পুকুরে খোঁজাখুঁজি করে রিয়ানকে না পেয়ে বাড়ি ফিরে যান।

রিয়ান আর বাড়ি না ফিরে আসলে পরিবারের সদস্যদের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে আরিফ ও মুরছালিনকে জিজ্ঞাসাবাদ করলে তারা ডাব চুরি ও পুকুরে পড়ে যাওয়ার বিষয়টি জানায়। এরপর দিবাগত রাত ৩টার দিকে আওলাদ মোল্লার বাগানের মধ্যে পরিত্যক্ত পুকুরে খোঁজ করে রিয়ানের লাশ উদ্ধার করা হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়।

ওসি বলেন, ‘এ ঘটনায় স্থানীয়রা আরিফ ও মুরছালিনকে আটক করে থানায় নিয়ে আসে। তাদের জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়া হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’