কুমিল্লা-৩ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ বলেছেন, ‘বিএনপি সরকার গঠন করলে কোরআন ও ইসলামের বিরুদ্ধে কোনো আইন করবে না।’
রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বড় মাদরাসা মাঠে ওলামা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
কায়কোবাদ বলেন, ‘বিএনপি রাষ্ট্র ক্ষমতায় এলে সারা দেশের ইমাম মুয়াজ্জিন ও ওলামাদের সরকারি ভাবে সম্মানীর ব্যবস্থা করা হবে। দলের চেয়ারম্যান তারেক রহমান সাহেব বলেছেন, বিএনপি সরকারে এলে মদিনা সনদে দেশ চলবে। ওলামা মাশায়েখরা সম্মানিত ব্যক্তি, আমি অতীতেও আপনাদের খেদমত করেছি ভবিষ্যতেও করবো ইনশাআল্লাহ।’
ওলামা সম্মেলনে উপস্থিত ইমাম মুয়াজ্জিন ও মাসায়েখদের ১২ তারিখে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান তিনি।
কুমিল্লা জেলা জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মুফতি আমজাদ হোসাইনের সভাপতিত্বে ও উপজেলা জমিয়তে ইসলাম বাংলাদেশের সেক্রেটারি মাওলানা আব্দুর রহমান আল মুজাফফারের সঞ্চালনায় ও মুজাফফারুল উলুম মাদরাসার হিফয বিভাগের প্রধান মাওলানা হাফেজ আমিনুল ইসলামের সার্বিক ব্যবস্থানায় এ সময় আরো উপস্থিত ছিলেন জমিয়তে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া, যুগ্ম মহাসচিব আজিজুল হক ইসলাম আবাদী, সাধারণ সম্পাদক আলী আজম কাসেমী, সাংগঠনিক সম্পাদক মাওলানা লোকমান মাযহারী, সহ-প্রচার সম্পাদক নূর মোহাম্মদ কাসেমী, মুফাসসিরে কুরআন রিজউন রফিকি, কুমিল্লা মাদরাসায়ে আশরাফিয়া দারুল উলুমের মুহতামিম মুফতি শামসুল ইসলাম জিলানী, জমিয়ত ইসলামের বাংলাদেশের সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা গাজী ইয়াকুব ওসমানী, মুফতি শামসুল আরেফিন খান সাদীসহ উপজেলার বিভিন্ন স্তরের ইমাম ও খতিবরা।



