‘গণতন্ত্রের অগ্রদূত তারেক রহমানকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে তার বিরুদ্ধে অপপ্রচারের অপকৌশলে লিপ্ত হয়েছে একশ্রেণির ক্ষমতালোভী গোষ্ঠী। তারা স্বাধীনতার ঘোষকের পরিবারের বিরুদ্ধে বারবার মিথ্যা অপবাদ দিয়ে জনগণের দৃষ্টি ভিন্নখাতে প্রবাহিত করতে চায়। এরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিএনপির শীর্ষ নেতৃত্বকে বিতর্কিত করার ঘৃণ্য অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।’—বরিশালের গৌরনদীতে এক প্রতিবাদ সভায় এমন মন্তব্য করেছেন বিএনপির তৃণমূল নেতারা।
শুক্রবার (১৮ জুলাই) সন্ধ্যায় বিএনপি ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে মিথ্যা, কুরুচিপূর্ণ ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের প্রতিবাদে আশোকাঠী এলাকার একটি তেলপাম্প সংলগ্ন রেস্টুরেন্টে উপজেলা বিএনপির ব্যানারে এ সভার আয়োজন করা হয়।
সভায় বক্তারা বলেন, তারেক রহমান শুধু একজন রাজনৈতিক ব্যক্তিত্ব নন; তিনি এ দেশের তরুণদের জন্য স্বপ্ন ও সংগ্রামের বাতিঘর। তার নেতৃত্বে একটি গণতান্ত্রিক ও সুশাসনভিত্তিক বাংলাদেশ গড়ে তোলার স্বপ্ন লালন করছে দেশের সচেতন নাগরিক সমাজ।
বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য জহুরুল ইসলাম জহিরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্যে বরিশাল জেলা বিএনপির সদস্য মো: মনিরুজ্জামান মনির বলেন, তারেক রহমান আজ যেখানেই থাকুন না কেন তিনি বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার প্রতীক হয়ে উঠেছেন। এ কারণেই একটি মহল মিথ্যা কৌশলে তার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা চালাচ্ছে। কিন্তু বাংলাদেশের জনগণ এখন অনেক সচেতন। তারা জানে কারা সত্য আর কারা ষড়যন্ত্রের জাল বুনছে। বিএনপিকে ধ্বংস করতে যারা রাষ্ট্রীয় শক্তিকে ব্যক্তিগত অস্ত্র বানিয়েছে তারা মূলত গণতন্ত্র ও দেশের অস্তিত্বের শত্রু। এ দেশকে জনগণের দেশ বানাতে আমরা রাজপথে ছিলাম, আছি, থাকবো।
বরিশাল জেলা উত্তর যুবদলের সাবেক সভাপতি মোল্লা মাহফুজের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা উত্তর বিএনপির সদস্য মঞ্জুর হোসেন মিলন, জেলা উত্তর যুবদলের যুগ্ম আহ্বায়ক এমএ গফুর, যুবদল নেতা মো: মাসুম হাওলাদার, গৌরনদী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রুবেল গোমস্তাসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।



