চট্টগ্রামের সদর পটিয়া আইনজীবী সমিতির ২০২৬-২৭ সালের নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট কবিশেখর নাথ পিন্টু এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট তানজিনা জাহান।
সোমবার (৩০ মার্চ) সমিতির মিলনায়তনে দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনে সহ-সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মো: কামাল উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক পদে এমদাদ উল্লাহ চৌধুরী, অর্থ সম্পাদক পদে মো: সালাহ উদ্দিন, পাঠাগার সম্পাদক পদে কামাল হোসাইন, সাংস্কৃতিক ও আপ্যায়ন সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় শাহীনা আকতার, তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সিরাজুল ইসলাম এবং তিনটি কার্যকরী সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আরমান ইসলাম, রাজু দাশ ও রফিকুল আলম ওসমানী নির্বাচিত হয়েছেন।
পটিয়া আইনজীবী সমিতি নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট কাজী জসীম উদ্দীন জানান, এবারের নির্বাচনে সমিতির ১৯৮ সদস্যের মধ্যে ১৬৭ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে পারায় তিনি সবার প্রতি কৃতজ্ঞতা জানান। এতে নির্বাচন কমিশনার ছিলেন সৈয়দ নুর মোস্তফা ও মুনিরুজ্জাহান মুন্নী।
পটিয়া আইনজীবী সমিতির এ নির্বাচনে ছয়বারের নির্বাচিত সাবেক সভাপতি অ্যাডভোকেট এ কে এম শাহজাহান উদ্দিনের মেয়ে অ্যাডভোকেট তানজিনা জাহান বিপুল ভোটে সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি খুবই আনন্দিত। আমার বিশ্বাস স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে নব নির্বাচিত কমিটি বারের উন্নয়নে সমন্বিত প্রয়াস চালাবেন।’
তিনি সব সদস্য ও ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানান।



