কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুলিশ ও বিজিবির যৌথ অভিযানে ধরা পড়া থেকে বাঁচতে দু’জনকে কামড় দিয়ে পালানোর চেষ্টা করেন মো: মনজু আলম (৫৫) নামে এক গাঁজাসেবী। পরে তাকে পুলিশ ও বিজিবি আটক করে।
মঙ্গলবার (২৮ জুলাই) রাতে উপজেলারা বলদিয়া ইউনিয়নের চর খলিশাকুড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক মনজু বলদিয়া ইউনিয়নের ছনবান্দা খলিশাকুড়ি গ্রামের মরহুম নজির উদ্দিনের ছেলে।
জানা গেছে, পুলিশ ও বিজিবি যৌথভাবে চর খলিশাকুড়ি এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় মনজুর মালিকানায় থাকায় ১৫ ফুট উচ্চতার একটি গাঁজা গাছ জব্দ করা হয়। একপর্যায়ে মনজু পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ঘটনাস্থলে উপস্থিত থাকা রাতুল (২১) ও পারভেজ (২২) নামের স্থানীয় দুই যুবক তাকে আটকানোর চেষ্টা চালায়। তিনি ওই দুই যুবকের হাতে কামড় বসিয়ে রক্তাক্ত করে পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ ও বিজিবি মনজুকে আটক করে।
মাদকবিরোধী যৌথ অভিযানে পুলিশের ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন ও বিজিবির সোনাহাট কোম্পানি কমান্ডার সুবাদার মো: ফরিদুল ইসলাম খান উপস্থিত ছিলেন।
ভূরুঙ্গামারী সার্কেল এএসপি মুনতাসির মামুন মুন বলেন, ‘আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হবে। সীমান্ত এলাকায় বিজিবির সাথে সমন্বয় করে মাদকের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করা হবে।’



