মিরসরাইয়ে মার্কেট দখল ও ব্যবসায়ীকে হত্যার হুমকির অভিযোগ

‘রেজাউল করিমের অভিযোগ মিথ্যা ও বানোয়াট। ওইদিন মূলত মিঠাছরা বাজারে আমাদের মার্কেট দেখভাল করতে গিয়েছিলাম।’

এম মাঈন উদ্দিন, মিরসরাই (চট্টগ্রাম)

Location :

Mirsharai
সংবাদ সম্মেলনে বক্তব্য উপস্থাপন করছেন কাজী মোহাম্মদ রেজাউল করিম
সংবাদ সম্মেলনে বক্তব্য উপস্থাপন করছেন কাজী মোহাম্মদ রেজাউল করিম |নয়া দিগন্ত

চট্টগ্রামের মিরসরাই উপজেলার মিঠাছরা বাজারে বিটুমিন ব্যবসায়ী কাজী মোহাম্মদ রেজাউল করিমকে হত্যার হুমকি ও মার্কেট দখলের অভিযোগ উঠেছে সাবেক উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দিন ও তার ছেলে সানজিদ আফফানের বিরুদ্ধে।

শুক্রবার (২৭ মার্চ) সকালে সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ করেন কাজী মোহাম্মদ রেজাউল করিম।

তিনি অভিযোগ করে বলেন, ‘গত ২১ মার্চ সকালে মিঠাছরা বাজারে আমাদের মালিকানাধীন কাজী নূর মোহাম্মদ মার্কেট জোরপূর্বক দখল করার চেষ্টা করছেন সাবেক উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দিনের ছেলে মো: সানজিদ আফফান। তার সাথে দুইজন সশস্ত্র আনসার সদস্য ছিল। ২০২২ সালে সাবেক উপজেলা চেয়ারম্যান ও উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জসিম উদ্দিন আমাদের এই মার্কেটটি জোর করে দখলের চেষ্টা করে এবং আমার বড় ভাইকে সন্ত্রাসী হামলা করে মারা গেছে ভেবে ফেলে রেখে যায়। এ ঘটনায় তখন আমরা আদালতে একটি মামলা করি।’

তিনি আরো বলেন, ‘জসিম উদ্দিনের বিরুদ্ধে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে হত্যার চেষ্টাসহ একাধিক মামলা রয়েছে। বর্তমানে সে পলাতক। জসিমের ছেলে সানজিদ আফফান একটি বেসরকারি টিভি চ্যানেলের পরিচালক। সন্ত্রাসী কার্যক্রম ধামাচাপা দিতে আমার সম্মানহানী করার জন্য একুশে টিভিতে আমার বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচার করেছে।’

এই বিষয়ে সানজিদ আফফান বলেন, ‘রেজাউল করিমের অভিযোগ মিথ্যা ও বানোয়াট। ওইদিন মূলত মিঠাছরা বাজারে আমাদের মার্কেট দেখভাল করতে গিয়েছিলাম। সবার সাথে কথা-বার্তা শেষ করে আসার সময় রেজাউল করিম আমাকে গালিগালাজ করে ও হুমকি দেয়।’

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, ‘মিঠাছরা বাজারে মার্কেটের মালিকানা নিয়ে সামান্য ঝামেলা হয়েছে শুনেছি। তবে কেউ থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’