বান্দরবান শহরের আর্মি পাড়ায় বিএনপি অফিস ভাঙচুরের ঘটনায় আওয়ামী লীগের ১৮ নেতাকর্মীকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
পৌর যুবদলের সহ-সভাপতি আবুল কালাম শুক্রবার (১৮ জুলাই) সদর থানায় এ মামলা দায়ের করেন।
এর আগে, গত ১৪ জুলাই ভোররাতে একদল দুর্বৃত্ত শহরের আর্মি পাড়ার বিএনপি অফিস ও জিয়া স্মৃতি সংসদ ভাঙচুর করে।
অফিসের দরজা, টেবিল ও চেয়ার ভাঙ্গার পাশাপাশি অফিসের সাইন বোর্ড, দলের শীর্ষ নেতাদের ছবিও ভাঙচুর করা হয় এবং ছবি মেঝেতে ফেলে দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
মামলার আসামিরা হলেন, বান্দরবান জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ কে এম জাহাঙ্গীর, যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক বাহাদুর, ধর্মবিষয়ক সম্পাদক নাজমুল হাসান ভূইয়া, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, ছাত্রলীগের সাবেক সভাপতি রাশেদ চৌধুরী, বীর বাহাদুর কল্যাণ ট্রাস্টের সভাপতি আনিছুর রহমান সুজন, সাবেক যুবলীগ নেতা শিবু চৌধুরী, জেলা যুবলীগের সাবেক সভাপতি জামাল চৌধুরী, ওয়ার্ড আওয়ামী লীগের নেতা বিমল কান্তি দাশসহ রুবেল চৌধুরী, রাজু বড়ুয়া, মনির চৌধুরী, খলিলুর রহমান, রানা চৌধুরী, মহি উদ্দিন, নাছির উদ্দিন, নুর মোহাম্মদ কালু, সোহেল ভান্ডারী।



