গোলাপগঞ্জে স্বামীর লোহার রডের আঘাতে স্ত্রী নিহত

এমরান ক্ষিপ্ত হয়ে ঘরে থাকা একটি লোহার রড দিয়ে স্ত্রী মোহনাকে মাথায় সজোরে আঘাত করেন। এতে তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সৈয়দ জেলওয়ার হোসেন স্বপন, গোলাপগঞ্জ (সিলেট)

Location :

Golapganj
প্রতীকী ছবি

সিলেটের গোলাপগঞ্জের পল্লীতে স্বামীর লোহার রডের আঘাতে স্ত্রী ফাহমিদা আক্তার মোহনার (২৬) ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। ঘটনার পর থেকে ঘাতক স্বামী জাহিদুল ইসলাম এমরান পলাতক রয়েছেন।

ঘটনাটি ঘটেছে শনিবার (২৩ মে) গোলাপগঞ্জ উপজেলার লক্ষিপাশা ইউনিয়নের উত্তর জাঙ্গালহাটা গ্রামে।

নিহত মোহনা ওই এলাকার মুমিনুল ইসলামের মেয়ে। ঘাতক জাহিদুল ইসলাম এমরান ছদরুল ইসলামের ছেলে।

জানা যায়, শনিবার বিকেল আনুমানিক ৪টার দিকে নিহতের শয়নকক্ষে পারিবারিক বিরোধের জেরে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে ঘরে থাকা একটি লোহার রড দিয়ে স্ত্রী মোহনাকে মাথায় সজোরে আঘাত করেন এমরান। এতে তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার পরপরই সংবাদ পেয়ে ঘাতকের বাবা ও স্থানীয়রা এসে দেখতে পান রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছে মোহনার নিথর দেহ। পরে পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

পুলিশ ঘটনাস্থল থেকে হত্যার কাজে ব্যবহৃত লোহার রডটি উদ্ধার করেছে।

ফাহমিদা আক্তার মোহনার চার বছরের এক শিশুসন্তান রয়েছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল।

এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ ওসি (তদন্ত) মোছলেহ উদ্দিন আহমদের সাথে যোগাযোগ করলে তিনি স্বামীর লোহার রডের আঘাতে স্ত্রী নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।