পাবনায় সেপটিক ট্যাংক থেকে স্কুল শিক্ষিকার লাশ উদ্ধার

বাড়ির পাশে পরিত্যক্ত টয়লেটের টাংকি থেকে স্কুল শিক্ষিকার লাশ উদ্ধার করা হয়। তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা পুলিশের।

পাবনা প্রতিনিধি

Location :

Pabna
স্কুল শিক্ষিকার লাশ উদ্ধার
স্কুল শিক্ষিকার লাশ উদ্ধার |নয়া দিগন্ত

পাবনার আটঘরিয়ায় সেপটিক ট্যাংক থেকে গীতা রানী (৪৫) নামে এক স্কুল শিক্ষিকার লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার একদন্ত এলাকায় বাড়ির পাশের সেপটিক ট্যাংক থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত গীতা রানী উপজেলার একদন্ত ইউনিয়নের একদন্ত বারইপাড়া গ্রামের নন্দ দাসের স্ত্রী। তিনি চাচকিয়া ব্র্যাক স্কুলের শিক্ষিকা ছিলেন।

আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক এই তথ্য নিশ্চিত করেছেন। তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গীতা রানী বাড়িতে একাই থাকতেন। তার স্বামী ঢাকায় থাকেন। বুধবার রাত ৩টার দিকে দুর্বৃত্তরা সিঁধ কেঁটে ঘরের প্রবেশ করেন। পরে তিনি টের পেলে দুর্বৃত্তদের সাথে তার ধস্তাধস্তি হয়। একপর্যায় তাকে শ্বাসরোধে হত্যা করে বাড়ির পাশে পরিত্যক্ত সেপটিক ট্যাংকে ফেলে দেয় দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার সকালে তাকে খোঁজাখুঁজির একপর্যায়ে বেলা ১১টার দিকে সেপটিক ট্যাংক থেকে তার লাশ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে।

ওসি নাজমুল হক জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। কারা কেন কিভাবে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। তবে পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।