মৌলভীবাজার সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে এক দেয়াল লিখন কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার (২২ এপ্রিল) দুপুরে কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা কলেজের সীমানা প্রাচীরে স্প্রে পেইন্ট দিয়ে ‘গুপ্ত’ লেখার কর্মসূচি পালন করেন।
তবে, ‘গুপ্ত’ বানান লিখতে গিয়ে ছাত্রদলের যেন লেজেগোবরে অবস্থা।
দেয়ালে স্প্রে দিয়ে লেখার সময় ‘গুপ্ত’ শব্দের প্রথম বর্ণ ‘গ’-এর ওপর একটি লম্বা পূর্ণমাত্রা ব্যবহার করেন তারা। কিন্তু বাংলা ব্যাকরণ অনুযায়ী, ‘গ’ একটি অর্ধমাত্রার বর্ণ। তাই অর্ধমাত্রার বর্ণের ওপর এভাবে পূর্ণমাত্রা ব্যবহার করা ব্যাকরণগতভাবে অশুদ্ধ এবং এটি বর্ণের মূল গঠনকে বিকৃত করে।
তাই ছাত্রদলের এই প্রতিবাদী কর্মসূচিতে সামান্য ভাষাগত ভুল সচেতন মহলের নজরে আসার সাথে সাথেই বেশ আলোচনা-সমালোচনা শুরু হয়। ক্যাম্পাসেও এ নিয়ে চলছে সমালোচনা। ছাত্রদলের কর্মীদের ‘গুপ্ত’ লেখার এই ‘লুপ্ত’ ভাষাগত জ্ঞান তাদের হাসির পাত্রে পরিণত করছে।
ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীরা বলছেন, দেয়ালে স্লোগান লিখে জনমত তৈরি করা একটি ভালো উদ্যোগ। তবে, সেখানে বর্ণমালার সঠিক প্রয়োগ থাকা জরুরি। একটি ছাত্র সংগঠনের শিক্ষিত নেতাকর্মীরা এভাবে ভুল বানান লিখলে তা মেনে নেয়া যায় না।
ছাত্র সংগঠনের কর্মসূচিতে এ ধরনের অসতর্কতা স্লোগানের গুরুত্ব কমিয়ে দেয় বলেও অনেকেই মনে করছেন।



