দলের সাথে যোগ দিতে অপেক্ষা বাড়ছে হামজা চৌধুরীর। কথা থাকলেও আজ ভিয়েতনামে যাওয়া হচ্ছে না তার। দুইদিন পিছিয়ে ২৪ মার্চ দলে যোগ দেবেন এই ইংলিশ তারকা।
আজ রোববার (২২ মার্চ) ২২ সদস্যের স্কোয়াডের সাথে যোগ দেয়ার কথা ছিল হামজার। ২৬ মার্চ প্রীতি ম্যাচকে সামনে রেখে গতকাল শনিবার ভিয়েতনামে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল।
তবে নতুন খবর হলো সেই সিদ্ধান্ত পরিবর্তন হয়েছে। হামজার যোগ দেয়ার সময় এখন দু’দিন পিছিয়ে ২৪ মার্চ পুননির্ধারণ করা হয়েছে।
গত সপ্তাহে জাতীয় দল কমিটির সভা শেষে মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু সাংবাদিকদের জানিয়েছিলেন, হামজা ২২ মার্চ ইংল্যান্ড থেকে ভিয়েতনাম পৌঁছাবেন।
ফেডারেশনও এই সময়ের মধ্যে একই তথ্য দেয়। সেই আলোকে হোটেল রুম ও অন্যান্য ব্যবস্থা রেখেছিল বাফুফে। মূলত তার ক্লাব লেস্টার সিটির আপত্তির কারণেই দুইদিন পর আসছেন হামজা। নতুন শিডিউল অনুযায়ী হামজা আগামী ২৩ মার্চ ইংল্যান্ড থেকে টার্কিশ এয়ারলাইন্সে রওনা হবেন। ইস্তাম্বুলে ট্রানজিট শেষে ২৪ মার্চ বিকেলে পৌঁছাবেন ভিয়েতনামের হ্যানয়ে।
২৪ মার্চ বিকেলে এসে অনুশীলন করতে পারবেন না হামজা। ২৬ মার্চ ভিয়েতনামের বিপক্ষে প্রীতি ম্যাচের আগের দিনই শুধু অনুশীলনের সুযোগ পাবেন তিনি।
ভিয়েতনামে প্রীতি ম্যাচ খেলে এরপর ৩১ মার্চ এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে খেলা আছে বাংলাদেশের।



