সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, ‘৭০ শতাংশ মানুষ গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে রায় দিয়েছেন। সুতরাং এই গণভোটকে অস্বীকার করা মানে জুলাই আন্দোলনকে অস্বীকার করা। আর জুলাই আন্দোলনকে অস্বীকার করা বাংলাদেশের জনগণের সাথে প্রতারণার শামিল।’
রবিবার (২২ ফেব্রুয়ারি) সকালে উল্লাপাড়া পৌর এলাকার পুরাতন বাসস্ট্যান্ড, থানা মোড় ও শহীদ মিনার এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন তিনি।
রফিকুল ইসলাম খান বলেন, ‘জুলাই বাংলাদেশের মানুষের চেতনার সাথে সম্পর্কিত। জুলাই বিপ্লবে প্রায় দুই হাজার মানুষ জীবন দিয়েছেন। প্রায় ৭০ হাজার নারী-পুরুষ আহত ও পঙ্গু হয়েছেন। এই জুলাই বিপ্লব নিয়ে কেউ তামাশা করলে তার পরিণতিও জুলাইয়ের হত্যাকারীদের মতোই হবে।’
তিনি বলেন, ‘গণমানুষের প্রত্যাশা ও আত্মত্যাগের ফসলকে কেউ অবমূল্যায়ন করলে জনগণ তা মেনে নেবে না। দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় জুলাই আন্দোলন একটি ঐতিহাসিক মাইলফলক।’
পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, ‘উল্লাপাড়া উপজেলাকে একটি বাসযোগ্য, পরিচ্ছন্ন ও আধুনিক জনপদ হিসেবে গড়ে তুলতে সকলকে সাথে নিয়ে কাজ করা হবে।’
নির্বাচনী এলাকার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে ধারাবাহিকভাবে এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে বলে তিনি ঘোষণা দেন।
তিনি আরো বলেন, ‘রাজনীতি শুধু বক্তব্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। মানুষের জীবনমান উন্নয়নে বাস্তব কাজের মাধ্যমে আস্থা অর্জন করতে হবে। পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলা নাগরিক দায়িত্বের অংশ। দলমত নির্বিশেষে সবাইকে এ উদ্যোগে সম্পৃক্ত হতে হবে।’
পরিচ্ছন্ন অভিযানে তার সাথে ছিলেন উপজেলা জামায়াতের আমির ও সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান আলী, উপজেলা জামায়াতের অফিস সম্পাদক আ: বারী, পৌর জামায়াতের সেক্রেটারি মিজানুর রহমানসহ স্থানীয় জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতারা।



