নেত্রকোনা সদর উপজেলায় নিজ ঘরে ঘুমের মধ্যে মাহফুজুল (৩৫) নামে এক যুবককে গলা কেটে হত্যা করা হয়েছে। রোববার (২৬ জুলাই) ভোররাতে উপজেলার কালিয়ারা গাবরাগাতী ইউনিয়নের দুয়ানী দুধকুড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত যুবক মাহফুজুল সদর উপজেলার কালিয়ারা গাবরাগাতী ইউনিয়নের দুয়ানী দুধকুড়া পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা মরহুম ইয়াকুব আলীর ছেলে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার (২৫ জুলাই) রাতে প্রতিদিনের মতো মাহফুজুল রাতের খাবার খেয়ে ঘুমাতে যান। রোববার ভোরে ফজরের নামাজ আদায়ের জন্য তার মা উঠে ছেলের ঘরের দরজা খোলা দেখতে পেয়ে চমকে ওঠেন। ঘরে ঢুকে টর্চের আলোয় বিছানায় ছেলের গলাকাটা রক্তাক্ত লাশ দেখতে পেয়ে চিৎকার শুরু করেন।
তার চিৎকার শুনে বাড়ির লোকজন ও প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে এসে গলাকাটা রক্তাক্ত লাশ দেখতে পান। পরে থানায় খবর দেয়া হলে পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে যায়।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আবুল খায়ের নয়া দিগন্তকে বলেন, রাতের খাবারের পর ঘরের দরজা খোলা রেখে ওই যুবক নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। ভোরে নিজ ঘরের বিছানায় গলাকাটা রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখা যায়। এর কারণ অনুসন্ধান ও তদন্ত শেষে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে। সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।



