গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে ‘গ্র্যাজুয়েশন দিবস ২০২৬’। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) আয়োজিত ওই অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের চারটি অনুষদ থেকে মোট ২৯৩ জন শিক্ষার্থী স্নাতক ডিগ্রির গৌরব অর্জন করেন।
বিশ্ববিদ্যালয়ের সবুজ-শ্যামল ক্যাম্পাসজুড়ে দিনব্যাপী নানা আয়োজনে গ্র্যাজুয়েশন দিবসটি পালিত হয়। উইন্টার-২০২৪ টার্মের বিএস (কৃষি), বিএস (ফিশারিজ), বিএস (কৃষি অর্থনীতি ও গ্রামীণ উন্নয়ন) ও ডিভিএম প্রোগ্রামের শিক্ষার্থীরা এদিন আনুষ্ঠানিকভাবে গ্র্যাজুয়েট হন।
অনুষ্ঠানের সূচনা হয় সকাল সাড়ে ১০টায় ভাইস-চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ড. জি কে এম মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে এক বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে। প্রশাসনিক ভবন চত্বর থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে বেগম সুফিয়া কামাল অডিটোরিয়ামের সামনে গিয়ে শেষ হয়। এতে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও অভিভাবকদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
পরে অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভিসি অধ্যাপক ড. জি কে এম মোস্তাফিজুর রহমান। এতে উপস্থিত ছিলেন প্রো-ভিসি অধ্যাপক ড. এম ময়নুল হক, ট্রেজারার অধ্যাপক ড. মো: সফিউল ইসলাম আফ্রাদসহ বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, প্রক্টর, প্রভোস্ট, শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন রেজিস্ট্রার মো: আবদুল্লাহ মৃধা, যিনি অনুষ্ঠানটি সঞ্চালনাও করেন।
পরে সংশ্লিষ্ট অনুষদের ডিনবৃন্দ ডিগ্রিপ্রাপ্ত শিক্ষার্থীদের ফলাফল ভিসির কাছে উপস্থাপন করেন। এরপর ভিসি শিক্ষার্থীদের হাতে সনদ ও ক্রেস্ট তুলে দেন।
ডিগ্রিপ্রাপ্ত শিক্ষার্থীদের পক্ষ থেকে দেয়া বক্তব্যে উঠে আসে বিশ্ববিদ্যালয় জীবনের স্মৃতি, সহপাঠী ও শিক্ষকদের সাথে গড়ে ওঠা সম্পর্ক এবং ভবিষ্যৎ স্বপ্নের কথা।
সমাপনী বক্তব্যে ভিসি অধ্যাপক মোস্তাফিজুর রহমান বলেন, ‘দেশের কৃষিখাতে উন্নয়নে কৃষিবিদদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি নবীন গ্র্যাজুয়েটদের জ্ঞান, গবেষণা, নৈতিকতা ও নেতৃত্বগুণে সমৃদ্ধ হয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানাচ্ছি।’
দিনব্যাপী এ আয়োজনের অংশ হিসেবে ক্যাম্পাসজুড়ে সাজসজ্জা, ফটোসেশন ও স্মৃতিচারণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। গ্র্যাজুয়েট, অভিভাবক ও অতিথিদের অংশগ্রহণে পুরো ক্যাম্পাসে উৎসবের আমেজ বিরাজ করে।



