এসএমপির অভিযানে ৩২ ঘণ্টায় গ্রেফতার ১৩৯

এসএমপির ট্রাফিক বিভাগের পৃথক অভিযানে ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ৮৫টি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের এবং ১৩৪টি যানবাহন আটক করা হয়।

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো

Location :

Sylhet
এসএমপির অভিযানে গ্রেফতার ১৩৯
এসএমপির অভিযানে গ্রেফতার ১৩৯ |ফাইল ছবি

সিলেট নগরীর আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ অভিযান অব্যাহত রেখেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। গত ৩২ ঘণ্টায় পরিচালিত অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৩৯ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ট্রাফিক বিভাগের অভিযানে ২১৯টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এসএমপি সূত্র জানিয়েছে, মঙ্গলবার (১৪ জুলাই) দিবাগত রাত ১২টা থেকে বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ৮টা পর্যন্ত পরিচালিত অভিযানে মোট ১৩৯ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারদের মধ্যে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদকসেবী ও মাদককারবারি, সন্দেহভাজন ব্যক্তি, বিনা পরোয়ানায় গ্রেফতারকৃত, ম্যাজিস্ট্রেট কর্তৃক সাজাপ্রাপ্ত এবং মেট্রোপলিটন অধ্যাদেশ অনুযায়ী গ্রেফতারকৃত আসামিরা রয়েছেন।

অভিযান চলাকালে ১২০ পিস ইয়াবা ও এক কেজি ৪৪৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

এদিকে এসএমপির ট্রাফিক বিভাগের পৃথক অভিযানে ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ৮৫টি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের এবং ১৩৪টি যানবাহন আটক করা হয়।

বৃহস্পতিবার এর সত্যতা নিশ্চিত করে এসএমপির মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ মনজুরুল আলম জানান, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে গ্রেফতারদের আদালতে সোপর্দ করা হয়েছে।