চট্টগ্রাম মহনগরীর পতেঙ্গা থানাধীন ১৫ নম্বর ঘাট এলাকায় মাদকবিরোধী অভিযানে এক লাখ ৮২ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধারসহ পাঁচজন মাদককারবারিকে আটক করেছে চট্টগ্রামস্থ র্যাব-৭।
বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে এই অভিযান পরিচালিত হয়।
র্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে, কতিপয় মাদককারবারি মিয়ানমার থেকে সমুদ্রপথে বাল্কহেডযোগে চট্টগ্রাম মহানগরীর দিকে আসছে। সংবাদ পেয়ে র্যাব-৭-এর একটি চৌকস আভিযানিক দল বাল্কহেড-এর পিছু নেয়।
একপর্যায়ে বৃহস্পতিবার সকাল সোয়া ১০টার দিকে কতিপয় ব্যক্তি ১৫ নম্বর ঘাটে নোঙ্গর করে বাল্কহেড থেকে পালানোর চেষ্টাকালে র্যাব-৭-এর আভিযানিক দল কর্ণফুলী নদীর পাড় থেকে পাঁচজনকে আটক করতে সক্ষম হয়।
আটকরা হলেন— আলী জোহারের ছেলে মো: ইমরান (২১), মো: আব্দুল মান্নান প্রকাশ বাচন মিয়ার ছেলে মো: আনিস (২৯), মরহুম কানু মিয়ার ছেলে মো: মনির হোসেন (৪৫), মরহুম আব্দুর রহমানের ছেলে মো: আলী (৪৭) ও মাহে আলমের ছেলে মো: রুবেল (২৭)।
পরে বোটে তল্লাশী চালিয়ে অভিযুক্তদের স্বীকরোক্তি মূলে বাল্কহেড-এর ইঞ্জিনরুমে দু’টি প্লাস্টিকের ড্রামে রক্ষিত এক লাখ ৮২ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য প্রায় ৫ কোটি ৫০ লাখ টাকা।
আটক ও উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান মোজাফ্ফর হোসেন।



