সিলেট মহানগর পুলিশের (এসএমপি) মাসিক কল্যাণ সভায় পুলিশ সদস্যদের শৃঙ্খলা, পেশাদারিত্ব ও জনসেবার মানোন্নয়নে গুরুত্বারোপ করেছেন নবাগত পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম। দায়িত্ব পালনে আরো আন্তরিক, দক্ষ ও জনগণবান্ধব হওয়ার জন্য পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
তিনি মঙ্গলবার (৪ আগস্ট) সকালে পুলিশ লাইন্সের কনফারেন্স রুমে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) আগস্ট ২০২৬-এর মাসিক কল্যাণ সভায় সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। সভায় উপস্থিত হলে এসএমপির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তাঁকে বরণ করে নেয়া হয়।
সভায় পবিত্র ধর্মগ্রন্থ পাঠের মধ্য দিয়ে কার্যক্রম শুরু হয়। পরে পূর্ববর্তী মাসের কল্যাণ সভায় গৃহীত সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়। এ সময় পুলিশ কমিশনার কর্মকর্তা ও পুলিশ সদস্যদের সাথে মতবিনিময় করেন এবং তাদের দাফতরিক, প্রশাসনিক ও কল্যাণসংক্রান্ত বিভিন্ন সমস্যা, আবেদন ও প্রস্তাব মনোযোগ দিয়ে শোনেন। যৌক্তিক বিষয়গুলো দ্রুত নিষ্পত্তির আশ্বাস দিয়ে সংশ্লিষ্ট শাখাগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন তিনি।
পুলিশ কমিশনার বলেন, বাংলাদেশ পুলিশের নির্ধারিত ড্রেস রুল যথাযথভাবে অনুসরণ, ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা এবং দায়িত্ব পালনে শৃঙ্খলা, পেশাদারিত্ব ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। প্রতিটি পুলিশ সদস্যকে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে অর্পিত দায়িত্ব পালন করে জনসেবার মানোন্নয়ন, পুলিশের সুনাম অক্ষুণ্ণ রাখা এবং সিলেট মহানগরের আইনশৃঙ্খলা রক্ষায় সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) ও ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ এনামুল হক, অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) মু: মাসুদ রানা, পিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার মো: আকতার হোসেন, মো: রিয়াজুল কবির, পিএসসি, সুদীপ্ত রায়, মোহাম্মদ সাইফুল ইসলাম ও মো: আফজাল হোসেনসহ অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার, বিভিন্ন থানার অফিসার ইনচার্জ, আরআই, আরওআই, পুলিশ লাইন্সের কর্মকর্তা, সিভিল স্টাফ, পুলিশ লাইন্স জামে মসজিদের পেশ ইমাম ও বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।



