রামগড়ে মাদকবিরোধী ম্যারাথন

Location :

Ramgarh

রামগড় (খাগড়াছড়ি) সংবাদদাতা
খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা তৈরি ও তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে পাঁচ কিলোমিটারের ম্যারাথন দৌড় অনুষ্ঠিত হয়েছে। ‘দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’ এই প্রতিপাদ্যে শুক্রবার (৭ আগস্ট) সকালে অনুষ্ঠিত এ ম্যারাথনে অংশ নেন ৩০০ জনের বেশি দৌড়বিদ। হাজী মো. নুরুল হক ফাউন্ডেশনের উদ্যোগে এ আয়োজন করা হয়।

সকাল ছয়টায় উপজেলার বলিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকা থেকে ম্যারাথন শুরু হয়। বিভিন্ন বয়স ও শ্রেণি-পেশার মানুষ নির্ধারিত টি-শার্ট ও ক্যাপ পরে এতে অংশ নেন। বলিপাড়া থেকে খাগড়াবিল পর্যন্ত পাঁচ কিলোমিটার পথ দৌড়ে ম্যারাথন শেষ করেন তারা। খাগড়াছড়ির পাশাপাশি ফেনী, কুমিল্লা ও চট্টগ্রাম থেকেও দৌড়বিদেরা এতে অংশ নেন।

ম্যারাথনে অংশগ্রহণকারীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন জাতীয় অ্যাথলেটিকস প্রশিক্ষক ইমাজ উদ্দিন ও খাগড়াছড়ির অ্যাথলেটিকস প্রশিক্ষক জীবন ত্রিপুরা।

হাজী নুরুল হক ফাউন্ডেশন কর্তৃপক্ষ জানায় , তরুণদের মাদক থেকে দূরে রাখা এবং খেলাধুলার প্রতি তাদের আগ্রহী করে তোলার পাশাপাশি সুস্থ জীবনযাপনে উদ্বুদ্ধ করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

ম্যারাথন শেষে বিজয়ীদের মধ্যে সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজী মো. নুরুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান আবদুল হক মানিক। অনুষ্ঠানে বক্তব্য দেন রামগড় উপজেলা জামায়াতের সেক্রেটারি আনোয়ার হোসেন, রামগড় উপজেলা এনসিপির আহ্বায়ক হারুনুর রশিদ,খাগড়াছড়ি পার্বত্য জেলা ছাত্রশিবিরের সভাপতি আব্দুস সাত্তার ও ফাউন্ডেশনের উপদেষ্টা নুরুল হক।

এ সময় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতা, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য, সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

ফাউন্ডেশনের চেয়ারম্যান আবদুল হক মানিক বলেন, রামগড়ে এ ধরনের ম্যারাথন এবারই প্রথম। খেলাধুলার মাধ্যমে তরুণদের মাদক থেকে দূরে রাখার পাশাপাশি মানুষের মধ্যে স্বাস্থ্যসচেতনতা বাড়াতেও এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।