ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) আসনে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় সরাইল উপজেলার শাহবাজপুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।
তিনি অভিযোগ করেন, আশুগঞ্জ উপজেলার ৮টি ইউনিয়নের অন্তত ৮টি কেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তার দাবি, এসব কেন্দ্রে দুপুরের দিকে জাল ভোট বা সিল মারার চেষ্টা হতে পারে—এমন তথ্য তিনি পেয়েছেন। বিষয়টি তিনি সেনাবাহিনী, পুলিশ ও জেলা প্রশাসকের (ডিসি) কাছে লিখিতভাবে অবহিত করেছেন বলেও জানান।
রুমিন ফারহানা আরো বলেন, রাতে তার নির্বাচনী কর্মীদের পাহারার সময় নোয়াগাঁও ইউনিয়নের দুই কর্মীকে বিনা কারণে আটক করা হয়েছে। এ বিষয়ে তিনি জেলা প্রশাসকের সঙ্গে কথা বলেছেন।
তার ভাষ্য, "আমার মনে হয়েছে বিষয়টি ভুল বোঝাবুঝির কারণে হয়েছে।" বর্তমানে ওই দুই কর্মী থানায় রয়েছেন বলে জানান তিনি।
তিনি অভিযোগ করে বলেন, বিশেষ করে আশুগঞ্জ এলাকায় বিভিন্ন কেন্দ্রে সিল মারার চেষ্টা চলছে বলে তার কাছে খবর রয়েছে। তবে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।



