বান্দরবানে মদপান নিয়ে ঝগড়ার জেরে উথোয়াইশৈ মারমা (১৮) নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ ওঠেছে তার দুই বন্ধুর বিরুদ্ধে। পরে তার লাশ ভাসিয়ে দেয়া হয় খালের পানিতে।
শনিবার (২৬ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে রোয়াংছড়ি উপজেলার শীলবান্ধা পাড়ায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় পুলিশ অভিযুক্ত দুজনকে গ্রেফতার করেছে। তারা হলেন— আলেক্ষ্যং ইউনিয়নের শীলবান্ধা পাড়ার সাবেক ইউপি সদস্য সিংনুমং মারমার ছেলে উনুসিং মারমা (২৬) ও একই পাড়ার লোওয়াইসামং মারমা ছেলে হ্লাথোয়াইহ্রী মারমা (২৮)।
রোববার (২৭ জুলাই) দুপুরে পুলিশ বেক্ষ্যং পাড়ার কাছে তারাছা খাল থেকে উথোয়াইশৈ মারমার লাশ উদ্ধার করেছে।
নিহত উথোয়াই মার্মা নোয়াপতং ইউনিয়নের খক্ষ্যং পাড়ার বাসিন্দা শৈচনু মারমার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার রাতে উথোয়াই তার দুই বন্ধু উনুসিং ও হ্লাথোয়াই মিলে শীলবান্ধা পাড়ায় গভীর রাত পর্যন্ত মদপান করে। এক পর্যায়ে তাদের মধ্যে কথা কাটাকাটি থেকে হাতাহাতির ঘটনায় উত্তেজিত হয়ে উথোয়াইকে পাথর ও বাঁশ দিয়ে পিটিয়ে হত্যা করে অপর দুই বন্ধু। পরে কৌশলে উথোয়াইয়ের লাশ পাড়ার পার্শ্ববর্তী তারাছা খালে ভাসিয়ে দেয়।
রোববার সকালে তার বাবা ছেলের খোঁজে পাড়াতে এলে ঘটনা জানাজানি হয়। এ সময় স্থানীয় জনপ্রতিনিধিকে নিয়ে রোয়াংছড়ি থানায় অভিযোগ দায়ের করে। পুলিশ সন্দেহভাজন উনুচিং ও হ্লাথোয়াইকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তারা ঘটনার কথা স্বীকার করে।
আটককৃতদের দেয়া তথ্যে পুলিশ, সেনাবাহিনী ও স্থানীয়রা মিলে রোববার দুপুরে তারাছা খাল থেকে লাশ উদ্ধার করে।
বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মান্নাদে জানান, দুই বন্ধু মিলে কৌশলে উথোয়াইকে হত্যা করে লাশ খালের পানিতে ভাসিয়ে দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবন সদর হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে।



