মুকসুদপুরে ইজিবাইকচালক শহিদুলের হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

উপজেলার কমলাপুর গ্রামের নূর হোসেন মাইকেল ও পলাশ শেখ পরিকল্পিতভাবে প্রতিবেশী শহীদুলকে হত্যা করে। এরপর তার লাশ আগুন দিয়ে পুড়িয়ে বিকৃতি করে দেয়।

মুকসুদপুর (গোপালগঞ্জ) সংবাদদাতা

Location :

Muksudpur
ইজিবাইকচালক শহিদুলের হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন
ইজিবাইকচালক শহিদুলের হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন |নয়া দিগন্ত

গোপালগঞ্জের মুকসুদপুরে ইজিবাইকচালক শহীদুল মাতুব্বরের হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।

রোববার (১৪ জুন) সকালে উপজেলা সদরের কমলাপুর বাসস্ট্যান্ডে ওই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

এতে নিহত শহিদুলের পরিবারের সদস্যদের পাশাপাশি কমলাপুরের সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করে। মানববন্ধনে অংশগ্রহণকারীরা আসামিদের ছবিসহ ব্যানার বহন করে। পাশাপাশি হত্যাকারীদের ফাঁসির দাবিতে স্লোগান দেয় এবং বিক্ষোভ মিছিল করে।

মানববন্ধনে বক্তারা বলেন, উপজেলার কমলাপুর গ্রামের নূর হোসেন মাইকেল ও পলাশ শেখ পরিকল্পিতভাবে প্রতিবেশী শহীদুলকে হত্যা করে। এরপর তার লাশ আগুন দিয়ে পুড়িয়ে বিকৃতি করে দেয়। এই হত্যার সাথে জড়িতদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি নিশ্চিত করতে হবে।

মানববন্ধনে পরিবারের সদস্যসহ বক্তব্য রাখেন উপজেলা কৃষকদলের সভাপতি মিজানুর রহমান, পৌর জামায়াতের আমির কবির আহমেদ প্রমুখ।

উল্লেখ্য, শনিবার (৬ জুন) শহীদুল ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হন। তারপর আর বাড়িতে ফিরে আসেননি তিনি। এরপর মঙ্গলবার (৯ জুন) শহিদুলের ছিনতাই হওয়া ইজিবাইকটি মুকসুদপুর উপজেলার সিন্দয়া ঘাট থেকে উদ্ধার করে পুলিশ।

সেই সূত্র ধরে পরদিন বুধবার (১০ জুন) এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ শহিদুলের প্রতিবেশী কমলাপুর গ্রামের মরহুম আবু শেখের ছেলে নূর হোসেন শেখ মাইকেল (৩৫) ও একই গ্রামের কাশেম শেখের ছেলে পলাশ শেখকে (৩৪) আটক করে। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে বুধবার বিকেলে মাদারীপুর জেলার রাজৈর উপজেলার কবিরাজপুর ইউনিয়নের পন্থাপাড়া এলাকার কাটাখাল নামক স্থান থেকে পুলিশ ইজিবাইক চালক শহীদুলের লাশ উদ্ধার করে।